মাইকেলের প্রিয় শিম্পাঞ্জি এখন কোথায়?
ছবি: সংগৃহীত
০৫:২৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের নানা অদ্ভুত দিক ছিল যেটা এখনও ভাবায়। এর মধ্যে অন্যতম ছিল তার পোষা শিম্পাঞ্জি ‘বাবলস’। গায়কের নতুন বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর ফের আলোচনায় শিম্পাঞ্জি নিয়ে। অনেকেরই এখন প্রশ্ন কোথায় আছে মাইকেলের শিম্পাঞ্জি বাবলস।
১৯৮৩ সালে একটি শিশু শিম্পাঞ্জিকে ঘরে এনেছিলেন মাইকেল জ্যাকসন। তার নাম দেন ‘বাবলস’। অল্প সময়েই বাবলস হয়ে ওঠে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ সাক্ষাৎকার, মিউজিক ভিডিও, এমনকি জাপান সফরেও তাকে সঙ্গে দেখা গেছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে বাবলস। মানুষের সঙ্গে বসবাস তখন আর উপযুক্ত থাকেনি। ২০০৫ সালে তাকে যুক্তরাষ্ট্রের একটি এপ স্যাংচুয়ারিতে পাঠানো হয়। বর্তমানে সে ‘সেন্টার ফর গ্রেট এপস’-এ অন্যান্য শিম্পাঞ্জিদের সঙ্গে বসবাস করছে। বাবলস এখন প্রাপ্তবয়স্ক তার ওজন প্রায় ১৮৫ পাউন্ড। স্বভাবে কিছুটা লাজুক হলেও মাঝে মাঝে দর্শনার্থীদের দিকে পানি ছিটিয়ে বা বালি ছুড়ে দুষ্টুমি করতেও দেখা যায় তাকে। বাবলসের আরেকটি বিশেষ দিক হলো তার সৃজনশীলতা। সে ছবি আঁকতে ভালোবাসে। তবে ছবি তোলা একদমই পছন্দ নয় তার। তার দেখভালের খরচ এখনো বহন করছে মাইকেল জ্যাকসনের এস্টেট।
পরিচালক অ্যান্টোইন ফুকা পরিচালিত বায়োপিক ‘মাইকেল’-এ বাবলসকে নিয়ে একটি দৃশ্য দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করেছে। সিনেমাটিতে দেখা যায়, হঠাৎ করেই একটি শিম্পাঞ্জি নিয়ে বাড়ি ফেরেন মাইকেল যা পরিবারসহ সবাইকে অবাক করে। ‘মাইকেল’ সিনেমাটি নিয়ে দর্শকের অপেক্ষা ছিল। তাই মুক্তি পরই সিনেমাটি বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় প্রায় ৬৫ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএ/এসএন