পরের জন্মে স্বামী নয়, ছেলে হিসেবে গোবিন্দাকে চান সুনীতা
ছবি: সংগৃহীত
রূপালি দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের। সেই কৌতূহলই আবার নতুন করে উসকে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা-র স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এক সাক্ষাৎকারে অকপটে এমন কিছু কথা বললেন তিনি, যা ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই তারকা দম্পতির সম্পর্ক।
সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদের গুঞ্জন- কিছুই বাদ যায়নি আলোচনার তালিকা থেকে। এরই মধ্যে পরিবারের ভেতরের সম্পর্কের জটিলতাও খানিকটা মিটেছে বলে শোনা যাচ্ছে। তবে সব আলোচনাকে ছাপিয়ে সবার নজর কাড়ে সুনীতার খোলামেলা স্বীকারোক্তি।
একটি অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি জানান, স্বামীর ভক্তদের নিয়ে কখনও ঈর্ষা অনুভব করেননি। তার মতে, স্বামীর প্রতি আস্থা থাকলে বাইরের গুঞ্জন খুব বড় বিষয় হয়ে দাঁড়ায় না। তবে কথার মোড় ঘুরতেই উঠে আসে দাম্পত্য জীবনের অপূর্ণতার প্রসঙ্গ। সুনীতার স্পষ্ট বক্তব্য, ভালো ছেলে ও ভালো বাবা হিসেবে গোবিন্দা পূর্ণ নম্বর পেলেও স্বামী হিসেবে তিনি তেমনটা নন।

দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবন পার করে এসে আজ আর আক্ষেপ করে লাভ নেই বলেই মনে করেন সুনীতা। তিনি বলেন, “পরজন্মে গোবিন্দার মতো একটি ছেলে চাই, স্বামী নয়।” এই একটি বাক্যই যেন তাদের সম্পর্কের অপ্রকাশিত গল্পকে সামনে নিয়ে এসেছে।
স্বামীর প্রতি অভিমানও লুকাননি তিনি। জানিয়েছেন, সাধারণ দাম্পত্য জীবনে যেমন একসঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া বা আনন্দ ভাগ করে নেওয়ার প্রত্যাশা থাকে, তার অনেকটাই অপূর্ণ থেকে গেছে। কর্মব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের চাপ সেই দূরত্ব তৈরি করেছে বলেই মনে করেন তিনি।
তবু সব অভিযোগের মাঝেও এক ধরনের মায়া ও সহানুভূতি প্রকাশ পেয়েছে তার কথায়। সুনীতার মতে, এত বড় তারকা হয়েও নিজের জন্য কখনও সময় করে উঠতে পারেননি গোবিন্দা। আর সেই কারণেই হয়তো আজও তাদের সম্পর্কের ভেতরে রয়ে গেছে না-পাওয়ার কিছু দীর্ঘশ্বাস।
এই অকপট স্বীকারোক্তি ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই তারকা দম্পতির দীর্ঘ দাম্পত্য জীবনের অজানা অধ্যায়।
এসএ/এসএন