দিল্লির মঞ্চে মেজাজ হারালেন কৈলাস খের
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
দিল্লির এক অনুষ্ঠানে আচমকা মেজাজ হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের। লাইভ পারফরম্যান্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন শিল্পীদের প্রতি শ্রোতা বা আয়োজকদের আচরণ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবার তিনি প্রকাশ্যে উগরে দেন।
ঘটনাটি ঘটে শনিবার দিল্লির একটি আলোচনাসভায়, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাস খের। নির্ধারিত আলোচনার মাঝেই সঞ্চালকের পক্ষ থেকে তাকে গান শোনানোর অনুরোধ করা হয়। ঠিক সেই মুহূর্তেই অসন্তুষ্ট হয়ে ওঠেন এই সংগীতশিল্পী। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, আলোচনাসভায় এসে হঠাৎ গান গাওয়ার অনুরোধ অপ্রাসঙ্গিক।
এরপরই তিনি মঞ্চে শিল্পীদের প্রতি এমন আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার কথায়, বারবার মঞ্চে উঠলেই শিল্পীদের “এক লাইন গান গেয়ে দিন” বা “একটু পরিবেশ তৈরি করে দিন” ধরনের অনুরোধ করা হয়, যা তিনি অনুচিত বলে মনে করেন।

নিজের বক্তব্যে তুলনা টেনে কৈলাস খের বলেন, যেমন শচীন তেন্ডুলকর-কে কেউ মাঠে গিয়ে হঠাৎ ছক্কা মারতে বলতে পারে না, বা কোনও সেনা সদস্যকে হঠাৎ গুলি চালাতে বলা যায় না, তেমনি শিল্পীদের ক্ষেত্রেও একই সম্মান থাকা উচিত।
তিনি আরও বলেন, শিল্পীদের “জোকার” হিসেবে দেখা বন্ধ হওয়া দরকার। মঞ্চে তাদের কাজকে গুরুত্ব দিয়ে দেখা উচিত, কেবল বিনোদনের জন্য যেকোনো সময় যেকোনো অনুরোধ চাপিয়ে দেওয়া ঠিক নয়।
এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ কেউ মনে করছেন প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া আরও ভিন্নভাবে প্রকাশ করা যেত।
সব মিলিয়ে দিল্লির ওই অনুষ্ঠান এখন চর্চার কেন্দ্রবিন্দুতে, আর কৈলাস খের-এর এই মন্তব্য নতুন করে শিল্পীদের প্রতি দর্শকের আচরণ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।
এসএ/এসএন