আর্থিক প্রতারণার ফাঁদে অর্চনা-পুত্র আয়ুষ্মান!
ছবি: সংগৃহীত
০১:১৫ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
ডিজিটাল যুগে অনলাইন লেনদেন যত সহজ হয়েছে, ততই বেড়েছে অজান্তে বিপাকে পড়ার ঝুঁকি। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক অর্চনা পুরন সিং-এর পরিবার। সামান্য অসতর্কতার কারণে বড় অঙ্কের অর্থ খোয়ানোর ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঘটনার সূত্রপাত একেবারেই সাধারণ একটি ভিডিও ধারণের মুহূর্তে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছিলেন, সেই সময় হঠাৎই আয়ুষ্মান শেঠি জানান, তার ক্রেডিট কার্ড থেকে অজান্তেই কেটে নেওয়া হয়েছে ৮৭ হাজার টাকা। এই কথা শুনে মুহূর্তের মধ্যেই চমকে ওঠেন অর্চনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত ছেলেকে কার্ড বন্ধ করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

জানা যায়, একটি ‘ফ্রি ট্রায়াল’ অফারে সাবস্ক্রাইব করেছিলেন আয়ুষ্মান। অভিযোগ, ট্রায়ালের নামে দেখানো হলেও খুব অল্প সময়ের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে পুরো বছরের সাবস্ক্রিপশনের টাকা কেটে নেওয়া হয়। বিষয়টি শুনে পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন। কীভাবে এত বড় অঙ্কের টাকা এক ঝটকায় কেটে গেল, তা নিয়েই শুরু হয় প্রশ্ন।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পরিবারের কর্তা পরমীত শেট্টি। তাঁর মতে, সরাসরি কার্ড বাতিল না করে প্রথমে অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা উচিত। এই নিয়ে পরিবারের মধ্যে মতপার্থক্য তৈরি হলেও, ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা দেখা যায় সবার মধ্যে।
ভিডিওতে আরও দেখা যায়, আয়ুষ্মান বারবার ব্যাংকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তাঁর দাবি, প্রথমে শূন্য টাকার একটি লেনদেন দেখিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল, তারপরই বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়। বিষয়টি এখনও সম্পূর্ণভাবে মেটেনি বলেও জানা গেছে।
তবে এই ঘটনাটি শুধু একটি পরিবারের আর্থিক বিপদের গল্প নয়, বরং বর্তমান সময়ে অনলাইন সাবস্ক্রিপশন ও ‘ফ্রি ট্রায়াল’-এর আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকির একটি বাস্তব উদাহরণ। অসতর্ক মুহূর্তে বড় ক্ষতির মুখে পড়ার এই অভিজ্ঞতা অনেকের জন্যই সতর্কবার্তা হয়ে উঠতে পারে।
পিআর/টিকে