ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, আনন্দে কী করলেন শিল্পী?
ছবি: সংগৃহীত
০২:৪২ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
সুরের জাদুতে তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন সোনু নিগম। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তাঁর জনপ্রিয়তা যে কতটা গভীর, তারই এক আবেগঘন প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়।
নেদারল্যান্ডে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সোনু। কনসার্টের পথে গাড়িতে বসেই তিনি হঠাৎ খেয়াল করেন, পাশের একটি গাড়িতে জোরে বাজছে তাঁরই গাওয়া গান ইয়ে ইশক ইশক। অচেনা কিছু তরুণ সেই গান উপভোগ করছেন, অথচ তাঁদের অজান্তেই ঠিক পিছনেই রয়েছেন সেই গানের শিল্পী এই দৃশ্য দেখে খানিক বিস্মিত হয়ে পড়েন সোনু।

মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলতে তিনি সিদ্ধান্ত নেন ভক্তদের চমকে দেওয়ার। চালককে নির্দেশ দেন গাড়িটি কাছে নিয়ে যেতে। পাশাপাশি গাড়ি আসতেই জানালা নামিয়ে দেন তিনি। হঠাৎ সামনে প্রিয় শিল্পীকে দেখে ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো চোখেমুখে বিস্ময় আর আনন্দ একসঙ্গে ধরা পড়ে। সেই মুহূর্তে যেন উচ্ছ্বাসে ভেসে যান সকলে।
এই পুরো ঘটনাটি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেন সোনু। সেখানে তিনি জানান, নিজের কনসার্টে যাওয়ার পথে ভক্তদের গাড়িতে বসে নিজের গান শুনতে দেখা তাঁর কাছে এক বিশেষ অনুভূতি। অনুরাগীরাও সেই ভিডিওতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এই অভিজ্ঞতা যেন জীবনের এক আশীর্বাদ।
সব মিলিয়ে, এটি শুধু একটি আকস্মিক সাক্ষাৎ নয় বরং শিল্পী ও শ্রোতার মধ্যে থাকা গভীর সম্পর্কের এক সুন্দর প্রকাশ, যা আবারও প্রমাণ করল সোনু নিগমের গান প্রজন্মের পর প্রজন্মের কাছে কতটা প্রিয়।
পিআর/টিকে