© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউড উগ্র পুরুষতান্ত্রিকতায় ঝুঁকছে , অভিযোগ করণ জোহরের

শেয়ার করুন:
বলিউড উগ্র পুরুষতান্ত্রিকতায় ঝুঁকছে , অভিযোগ করণ জোহরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
বলিউডের বর্তমান ধারা নিয়ে সরব হলেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁর অভিযোগ, হিন্দি সিনেমা ক্রমশ উগ্র পৌরুষ প্রদর্শনের দিকে ঝুঁকছে, যেখানে গল্পের সূক্ষ্মতা ও বৈচিত্র্য অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, মূলধারার ছবিতে পুরুষতান্ত্রিকতার উদ্‌যাপন এখন যেন নিয়মে পরিণত হয়েছে।

গত কয়েক বছরে একাধিক ছবিকে ঘিরে এই বিতর্ক সামনে এসেছে। রণবীর কপুরের ‘অ্যানিম্যাল’, শাহিদ কপুরের ‘কবীর সিংহ’ কিংবা মুক্তির অপেক্ষায় থাকা ‘টক্সিক’- সব ক্ষেত্রেই হিংস্র, পুরুষকেন্দ্রিক উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়েছে। কর্ণের মতে, এখন বড়পর্দায় মুক্তি পাওয়া অধিকাংশ ছবিই একই ছকে বাঁধা, যেখানে নায়ককে অকারণেই আগ্রাসনের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, একটি নির্দিষ্ট ধরনের ছবি বাণিজ্যিকভাবে সফল হলেই সেই ধাঁচে আরও একাধিক ছবি তৈরি হয়। ফলে দর্শক বারবার একই ধরনের দৃশ্য দেখতে বাধ্য হন- ধীর গতিতে নায়কের আগমন, অযথা হিংসা, লম্বা দাড়ি আর ধূমপানের উপস্থিতি। এই ছকবদ্ধ উপস্থাপনা যে বাস্তবতার সঙ্গে অনেক সময়ই সংযোগ হারায়, সে কথাও তুলে ধরেছেন তিনি।



তবে বড়পর্দার এই প্রবণতার বিপরীতে ওটিটি মাধ্যমে এখনও বৈচিত্র্যের উপস্থিতি দেখছেন কর্ণ। তাঁর মতে, নতুন গল্প বলার সাহস ও পরীক্ষার সুযোগ এখন এই মাধ্যমেই বেশি।

নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করেন ‘রকী অউর রানী কী প্রেম কহানী’ ছবির কথা। সেখানে প্রচলিত পৌরুষের ধারণার বাইরে গিয়ে পুরুষ চরিত্র উপস্থাপন করায় তাঁকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। ছবির একটি দৃশ্যে রণবীর সিংহ ও টোটা রায়চৌধুরীর  কত্থক নৃত্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন একাংশ দর্শক। কর্ণের সাফ বক্তব্য, দর্শকের একাংশের প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের বিশ্বাস থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। তাঁর মতে, তাঁর ছবি সব সময়ই নারীবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।

এই মুহূর্তে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন কর্ণ। তাঁর প্রযোজনায় তৈরি ‘চাঁদ মেরা দিল’ ছবিটি আগামী ২২ মে মুক্তি পেতে চলেছে, যেখানে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে ও লক্ষ্য।

এসএ/এসএন

মন্তব্য করুন