‘হ্যাপি ডেইজ’ তারকা এরিন মোরানের মৃত্যুর কারণ প্রকাশ
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হ্যাপি ডেইজ’-এর তারকা এরিন মোরান আর নেই। অভিনেত্রীর মৃত্যু ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে স্টেজ ৪ ক্যানসারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।
এবিসি নিউজের প্রতিবেদনেজানা যায়, শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নিজ বাড়িতে এরিন মোরানকে মৃত অবস্থায় পাওয়া যায়। হ্যারিসন কাউন্টি শেরিফ বিভাগ এবং হ্যারিসন কাউন্টি করোনারের অফিসের যৌথ বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ৫৬ বছর বয়সী এই অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে স্টেজ ৪ ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তবে কী ধরনের ক্যানসার ছিল, তা স্পষ্ট করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যদিও টক্সিকোলজি পরীক্ষার ফল এখনও আসেনি, তবে তার বাড়িতে কোনও অবৈধ মাদক পাওয়া যায়নি। শনিবার নিউ স্যালিসবারিতে নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্যারামেডিকরা ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তার মরদেহ উদ্ধার করেন।
প্রসঙ্গত, এরিন মোরান জনপ্রিয়তা পান ‘‘হ্যাপি ডেইজ’ এবং এর স্পিন-অফ ‘জোনি লাভস চ্যাচি’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। তার মৃত্যুতে সহ-অভিনেতারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। রিচি কানিংহাম চরিত্রে অভিনয় করা রন হল্যান্ড টুইটে লেখেন, এটি অত্যন্ত দুঃখজনক খবর। আমি সবসময় তোমাকে মনে রাখব আমাদের শোতে, যেখানে তুমি দৃশ্যগুলো আরও ভালো করে তুলতে এবং হাসি ছড়িয়ে দিতে। অন্যদিকে ফনজি চরিত্রে অভিনয় করা হেনরি উইঙ্কেলও শোক প্রকাশ করেছেন।
এসএ/এসএন