শাকিবের কিছুই যায় আসে না, বসে তামাশা দেখে: এডলফ
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের ফেসবুক জরিপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওই জরিপে শাকিব খান বিপুল ভোটে জয়ী হওয়ার পর এবার দেশের প্রচলিত অ্যাওয়ার্ড শোগুলোর স্বচ্ছতা ও সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তুলেছেন মডেল ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান।
শোবিজ অঙ্গনের পরিচিত মুখ হয়েও অ্যাওয়ার্ড শোগুলোর এই কড়া সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এডলফ যা এরই মধ্যে ভাইরাল। তিনি দাবি করেছেন জনগণের ভোট যদি সত্যি গণনা করা হয় তবে সর্বোচ্চ ভোট পাবেন মেগাস্টার শাকিব খান। ওই পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘জনাব আনিসুল হক অ্যাওয়ার্ড দিয়েও তোপের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন, তার দেওয়া ফেসবুকের ভোট দেখেও তিনি প্রমাণ পেয়েছেন। তাহলে সেই অ্যাওয়ার্ডের স্বচ্ছতা কোথায়। এখানে সিন্ডিকেট আর স্বজনপ্রীতি অন্য লেভেলে পৌঁছেছে। প্রতি বছর চিহ্নিত কয়েকজন পাবেই, দর্শক এসব কাজ দেখুক বা না দেখুক, ভোট পাক বা না পাক।’

পুরস্কারের নামে প্রহসন চলছে উল্লেখ করে এই মডেল তার ফেসবুক পোস্টে আরও বলেন, ‘পুরস্কারের বাহানায় উপস্থাপনাটাও করিয়ে নেওয়া যায়। নাটক বানিয়ে সিনেমা নাম দেওয়া এসকল পুরস্কার অন্তত মানা যায় না। নিজেরাই আয়োজক, নাটক মার্কা সিনেমা বানিয়ে নিজেরাই পায় সেরা সব পুরস্কার, নিজেরাই নাচ গান উপস্থাপনা করে সুখী, নিজেরাই দর্শক।’
অ্যাওয়ার্ড শোগুলোর এই পক্ষপাতিত্বের কারণে দর্শকদের আস্থা উঠে যাচ্ছে দাবি করে এডলফ খান লেখেন, ‘এতে কারও কোনো সমস্যা নেই, তবে আস্থা ভরসা বিশ্বাস থাকে না। বরং কাঁধে দুর্নামের অপবাদ জোটে। আর যে পেল পক্ষপাতিত্বের কারণে মানুষের কথার আঘাতে সে শেষ, পেয়েও শান্তি পেল না। বরং শাকিব খানের কিছুই যায় আসে না, বসে বসে সবার তামাশা দেখে।’
পোস্টের শেষে বছর জুড়ে নমিনেশন দেওয়ার এই প্রক্রিয়াকে ‘নকল নাটক’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানান তিনি। মূলত আনিসুল হকের পোলের মন্তব্য ঘরের পাশাপাশি শোবিজের পরিচিত এই মুখের এমন ফেসবুক পোস্ট অনলাইন বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
এসএ/এসএন