© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোয়েল মল্লিককে নিয়ে নির্মাতার স্মৃতিচারণ

শেয়ার করুন:
কোয়েল মল্লিককে নিয়ে নির্মাতার স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
টলিউডের পরিচিত মুখ কোয়েল মল্লিককে ঘিরে নতুন করে উঠে এল এক নির্মাতার স্মৃতিচারণা, যেখানে ধরা পড়ল এক তারকার আড়ালের মানুষটির ছবি। শিল্প নির্দেশক গৌতম বসুর মেয়ে, যিনি এখন নিজেই পরিচালনায় পা রেখেছেন, তাঁর কথায় কোয়েলের সঙ্গে সম্পর্কের শুরুটা যেন অনেক দিনের।

শৈশবেই প্রথম কোয়েলের নাম শোনা। ‘নাটের গুরু’ ছবিতে কাজ করতে গিয়ে গৌতম বসু বাড়ি ফিরে বলেছিলেন, রঞ্জিত মল্লিকের মেয়ে একদিন অনেক দূর যাবে। সেই ভবিষ্যদ্বাণী যে এতটা সত্যি হয়ে উঠবে, তা তখন কল্পনাও করেননি কেউ। পরে মায়ের সাংবাদিকতার সূত্রে কোয়েলের গল্ফগ্রিনের বাড়িতে যাতায়াত, সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় এক পরিচিতির সেতু।

সময় গড়াতে গড়াতে সেই পরিচয় পেশাদার সম্পর্কের রূপ নেয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করার সময় দার্জিলিংয়ের শুটিংয়ে প্রথম ঘনিষ্ঠ আলাপ। কঠিন আবহাওয়ার মধ্যেও কোয়েলের নিয়মানুবর্তিতা, সময়জ্ঞান এবং সহজে মিশে যাওয়ার স্বভাব মুগ্ধ করেছিল তরুণী নির্মাতাকে। সেই সময়ই কোয়েলের এক প্রশ্ন- নিজের ছবি পরিচালনা করবেন কবে-যেন ভবিষ্যতের ইঙ্গিত হয়ে রয়ে যায়।



অবশেষে ২০২৩ সালে ‘স্বার্থপর’ ছবির ভাবনা নিয়ে যখন তাঁর কাছে যাওয়া, কোয়েলের সম্মতি আসে প্রায় সঙ্গে সঙ্গেই। দীর্ঘ এক থেকে দেড় বছরের চিত্রনাট্য তৈরির পথে কোয়েলের মতামত গল্পকে আরও দৃঢ় করে তোলে। তবে শুরুর দিকে একটা সংশয় ছিল- বয়সে ছোট পরিচালকের নির্দেশনায় কতটা স্বচ্ছন্দ হবেন তিনি।

কিন্তু শুটিং ফ্লোরে সেই সংশয় ভেঙে যায় খুব দ্রুত। কোয়েল নিজেকে সম্পূর্ণভাবে পরিচালকের হাতে সঁপে দেন। অভিনয়ের সূক্ষ্মতা থেকে আবেগের মাপজোক- সব ক্ষেত্রেই তাঁর নিবেদন নজর কাড়ে। এমনকি শুটিংয়ের চাপের মুহূর্তে স্নেহের হাত বাড়িয়ে দিয়ে মানসিকভাবে পাশে থাকার ঘটনাও উঠে এসেছে এই স্মৃতিচারণায়।

এই সম্পর্ক এখন আর শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। বন্ধুত্বের জায়গাও তৈরি হয়েছে। পেশাদার পর্দার আড়ালে কোয়েল যে ভীষণ ঘরোয়া মানুষ, পরিবারকে যিনি জীবনের প্রথম সারিতে রাখেন, সেই দিকটিও উঠে এসেছে নির্মাতার কথায়। একই সঙ্গে কাজের প্রতি তাঁর অদম্য নিষ্ঠা এবং জীবনের ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকেই সাফল্যের আসল চাবিকাঠি বলে মনে করছেন তিনি।

জন্মদিনের শুভেচ্ছায় তাই একটাই কামনা-পরিবার আর কাজের এই সুন্দর সমন্বয় বজায় রেখেই আরও অনেক দূর এগিয়ে যাক কোয়েল মল্লিকের পথচলা।

এসএ/টিকে

মন্তব্য করুন