গোপনে বিয়ে করলেন রিমঝিম? ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত
১০:৩৬ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
সমাজমাধ্যমে একটি ছবি ঘিরে আচমকাই জোর জল্পনা শুরু হয়েছিল টলিপাড়ায়। লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা সব মিলিয়ে যেন একেবারে নববধূর সাজে ধরা দেন রিমঝিম মিত্র। কোনো ক্যাপশন ছাড়াই সেই ছবি প্রকাশ করতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় মন্তব্যের ঘর। অনেকেই ধরে নেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী।
ছবির বাস্তবতা এতটাই জীবন্ত ছিল যে অনুরাগীদের বিভ্রান্তি আরও বাড়ে। একের পর এক বার্তা আর ফোনে ভরে ওঠে তার দিনযাপন। তবে এই জল্পনার অবসান ঘটাতে বেশি সময় নেননি রিমঝিম নিজেই।
পরের দিন একটি ভিডিও প্রকাশ করে তিনি পরিষ্কার করেন পুরো বিষয়টি। সেখানে একই সাজে, হাতে শাঁখা-পলা, গায়ে গয়না পরে পর্দার সঙ্গীর হাত ধরে হাঁটতে দেখা যায় তাকে। সেই দৃশ্যই জানিয়ে দেয়, এটি বাস্তব জীবনের নয়, বরং অভিনয়ের অংশ।

বর্তমানে তিনি অভিনয় করছেন কম্পাস নামের একটি জনপ্রিয় ধারাবাহিকে। সেখানে চলমান কাহিনিতে বিয়ের পর্ব দেখানো হচ্ছে। সেই সূত্রেই এই সাজ, আর সেই দৃশ্যেরই একটি মুহূর্ত তুলে ধরেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে রিমঝিম জানান, দৃশ্যটি এতটাই বাস্তবধর্মী হয়েছে যে অনেকেই সত্যি ভেবে নিয়েছেন। মজার ছলে তিনি বলেন, অভিনয়ের জগতে এ পর্যন্ত বহুবার বিয়ের মঞ্চে বসতে হয়েছে তাকে, আর এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন মাত্র।
এর আগেও তিনি বিয়ের সাজে ছবি প্রকাশ করেছিলেন, যা ছিল আগের কাজের অংশ। পুরোনো সেই ছবিও নতুন করে সামনে এনে খানিক হাস্যরসের সুরেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
সব মিলিয়ে, একটি ছবি থেকেই তৈরি হওয়া গুঞ্জন শেষ পর্যন্ত প্রমাণ করে দিল, পর্দার বাস্তবতা কখনও কখনও বাস্তব জীবনকেও হার মানাতে পারে।
পিআর/টিকে