ভোটের প্রচারে উত্তাপ বাড়ালেন পার্নো মিত্র!
ছবি: সংগৃহীত
০১:০১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
নির্বাচনের আবহে এবার রাজনৈতিক মঞ্চে সরব হলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। দ্বিতীয় দফা ভোটকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার বীজপুর কেন্দ্রে প্রচারে অংশ নিয়ে তিনি সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দেন।
স্থানীয় প্রার্থী সুবোধ অধিকারী-এর সমর্থনে জনসংযোগে নেমে পার্নো বলেন, মানুষের পাশে থাকার ক্ষেত্রে প্রার্থীর ভূমিকা সম্পর্কে তিনি ইতিবাচক অভিজ্ঞতাই শুনেছেন। তার মতে, এলাকার উন্নয়ন এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এই প্রার্থী।

প্রচারমঞ্চ থেকে তিনি স্পষ্টভাবে জানান, ভোট দেওয়ার আগে প্রত্যেকের উচিত ভেবে দেখা কে সত্যিই মানুষের পাশে থাকে, আর কে প্রতিশ্রুতি রক্ষা করে। সচেতন সিদ্ধান্তই ভবিষ্যতের পথ নির্ধারণ করে বলেও উল্লেখ করেন তিনি।
এদিনের বক্তব্যে জাতীয় পরিস্থিতির প্রসঙ্গও টানেন পার্নো। দেশের কিছু অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, সেই চিত্র কি অন্যত্রও ছড়িয়ে পড়ুক—এটা কি মানুষ চান? এই প্রশ্নের মধ্য দিয়েই ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সবাইকে অনুরোধ করেন, ভোটের দিন সকালে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তার কথায়, একটি সঠিক ভোটই ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে।
সব মিলিয়ে, বিনোদন জগতের পরিচিত মুখ হয়েও নির্বাচনের ময়দানে সক্রিয় উপস্থিতি জানিয়ে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন পার্নো মিত্র।
পিআর/টিকে