ডাকা হত ‘ব্রাউনি’, বাথরুমে টিফিন করতাম: প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: সংগৃহীত
০৩:০১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
বিনোদন দুনিয়ার তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও লুকিয়ে থাকে কঠিন বাস্তবতা ও সংগ্রামের গল্প। আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জীবনেও তেমনই এক কিশোর বয়সের তিক্ত অভিজ্ঞতার কথা আবারও সামনে এসেছে। বলিউড থেকে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এক সময় আমেরিকায় পড়াশোনার সময় বর্ণবিদ্বেষ ও মানসিক অস্বস্তির মুখোমুখি হয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রথম দিকের দিনগুলো তাঁর জন্য ছিল অত্যন্ত কঠিন। নতুন পরিবেশ, অচেনা সংস্কৃতি এবং সহপাঠীদের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তিনি ভয় ও অস্বস্তিতে ভুগতেন। এমন পরিস্থিতিতে তিনি প্রথম কয়েক সপ্তাহ প্রায় একা থাকতেন এবং অন্যদের সঙ্গে মিশতে সংকোচ বোধ করতেন।

তিনি আরও জানান, সেই সময় সহপাঠীদের কটাক্ষ ও ব্যঙ্গের শিকার হতে হতো তাঁকে। গায়ের রঙ নিয়ে তাঁকে অপমানজনক নামে ডাকা হতো, যা তাঁর মানসিক অবস্থাকে আরও কঠিন করে তুলেছিল। এই অপমান এড়াতে অনেক সময় তিনি ক্যাফেটেরিয়ার বদলে স্কুলের বাথরুমে বসেই দুপুরের খাবার খেতেন। ভেন্ডিং মেশিন থেকে খাবার নিয়ে দ্রুত খেয়ে নিতেন যাতে অন্যদের মুখোমুখি না হতে হয়।
প্রিয়াঙ্কার ভাষায়, সেই সময় তিনি নিজের আত্মপরিচয় ও আত্মবিশ্বাস নিয়েও দ্বিধায় ছিলেন। নিজেকে মানিয়ে নিতে গিয়ে তিনি প্রায়ই মনে করতেন, তিনি সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে এসে পড়েছেন, যেখানে তাঁর পরিচয়ই প্রশ্নবিদ্ধ।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তিনি সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন। আত্মবিশ্বাস ফিরে পেয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব চলচ্চিত্রে এক পরিচিত নাম। হলিউড ও ভারতীয় সিনেমা দুই জায়গাতেই তাঁর উপস্থিতি সমানভাবে আলোচিত। নতুন একাধিক প্রকল্পে ব্যস্ত এই অভিনেত্রী এখন অতীতের সেই কঠিন সময়কে নিজের শক্তি ও অনুপ্রেরণার অংশ হিসেবেই দেখেন।
পিআর/টিকে