© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রূপপুরে দুর্ঘটনা ঠেকাতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এমডি

শেয়ার করুন:
রূপপুরে দুর্ঘটনা ঠেকাতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এমডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে প্রকল্পের নিরাপত্তা ও কারিগরি দিক নিয়ে আশার কথা শুনিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাসান।

তিনি নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী এখানে ‘পাঁচ স্তরের’ নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, রূপপুরে রাশিয়ার সর্বাধুনিক ‘তৃতীয় প্রজন্মের (প্লাস)’ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। এর বিশেষত্ব হলো ‘প্যাসিভ সেফটি সিস্টেম’, যা বিদ্যুৎ বা মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চুল্লি ঠান্ডা রাখতে সক্ষম। এমনকি ফুকুশিমা দুর্ঘটনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে ‘কোর ক্যাচার’ ও হাইড্রোজেন রিকম্বাইনার যুক্ত করা হয়েছে, যা যেকোনো বড় বিপর্যয় রুখে দেবে।

প্রকল্পের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, মাটি স্থিতিশীল করা থেকে শুরু করে কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাধা পেরিয়ে আজ আমরা সফল। বর্তমানে প্রথম ইউনিটের জন্য লাইসেন্সধারী ৫১ জন বিশেষজ্ঞসহ ৭০০ জন দক্ষ কর্মী প্রস্তুত রয়েছেন।

পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, রাশিয়ার সাথে চুক্তির আওতায় ব্যবহৃত জ্বালানি ফেরত পাঠানো হবে এবং স্থানীয়ভাবে ১০ বছর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি চালাতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন