ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামো পরিদর্শনে সাতক্ষীরার ডিসি
ছবি: সংগৃহীত
০১:০২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা সীমান্তে এ পরিদর্শন করেন তিনি। বাংলাদেশের ১ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে পরিদর্শন শুরু করেন জেলা প্রশাসক।
এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরায় অবস্থিত ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও বিদ্যমান অবকাঠামো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জনস্বার্থ রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নেও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
কেএন/