রণবীর সিং সরে দাঁড়ালেও 'ডন ৩' হবেই! চ্যালেঞ্জ ফারহান আখতারের
ছবি: সংগৃহীত
১০:০৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা বহাল।
এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। ফলত, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির কাজ বিশ বাঁও জলে গিয়েছে বলেই মনে করেছিলেন একাংশ। তবে এবার চ্যালেঞ্জ নিয়ে বড় কথা বললেন ফারহান আখতার।
গত ফেব্রুয়ারি মাসেই, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা।
‘ডন ৩’ বিতর্ক নিয়ে এই প্রথমবার মুখ খুললেন ফারহান। এক সাক্ষাৎকারে তিনি জানান, “এই ঘটনা থেকে বড় শিক্ষা হয়েছে।” কীরকম? প্রযোজক-পরিচালকের মন্তব্য, “যে কোনও অপ্রত্যাশিত ঘটনার জন্যও সবসময়ে প্রস্তুত থাকা। যতক্ষণ না কোনও বিষয় বাস্তবে ক্যামেরাবন্দী হয়ে সিনেমার রূপ নিচ্ছে, ততক্ষণ সেটিকে নিশ্চিত বা ধ্রুব সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। কোনও কিছুই আসলে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া উচিত না।” ফারহান এও জানিয়েছেন যে গত দু’দশকে বলিউডে সবথেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘ডন’ প্রযোজক-পরিচালকের মন্তব্য, “গোড়া থেকে আমি শুধু সেসব মানুষদের সাথেই কাজ করেছি, যাদের সঙ্গে কাজ করতে চেয়েছি। সেটা পরিচালনা হোক কিংবা অভিনয়ই হোক। তাই আমার এযাবৎকালের অভিজ্ঞতা অসাধারণ ছিল। কিন্তু জীবনে এমন পর্যায়ে তো আসেই যখন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

তখন ভেবে নিতে হয়, এতদিন তো আমি ভালো সময় কাটিয়েছি।” এরপরই ‘ডন ৩’ নিয়ে বড় ইঙ্গিত দেন ফারহান আখতার। পরিচালক জানান, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির গল্পটা তাঁর অসাধারণ গল্পগুলির মধ্যে অন্যতম। তাই দর্শকের কাছে এই সিনেমা তুলে ধরতে তিনি দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। অতঃপর রণবীর সিং ছাড়লেও ‘ডন ৩’ যে হবেই, আকার-ইঙ্গিতে সেটাই বুঝিয়ে দেন ফারহান আখতার।
গত ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। যদিও এহেন সিদ্ধান্তে দর্শকমহল বেশ উৎফুল্লিত। কারণ ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তাঁরা। তবে সেই দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের পালটা চ্যালেঞ্জ করেছিলেন ফারহান আখতার। সেই পরিচালক-প্রযোজককেই কিনা সাফল্যের শিখর ছুঁয়ে ভুলে গেলেন ‘ধুরন্ধর’ রণবীর!
মনোমালিন্যের জেরে ফারহানের ইনস্টাতেও আর ঠাঁই নেই তাঁর। এর মাঝেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, প্রযোজক-পরিচালক ফারহান আখতারের থেকে ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য যে অগ্রীম পারিশ্রমিক নিয়েছিলেন, তার সবটাই ফেরত দিতে রাজি হয়েছেন রণবীর সিং। শুধু তাই নয়! নিজের পরবর্তী ছবি ‘প্রলয়’-এরও একটা অংশীদারিত্বও ফারহানের হাতে সঁপে দিতে চলেছেন বলে খবর। যদিও এই অংশীদারিত্বের পরিমাণ কত শতাংশ হবে, সেটা উত্তর এখনও অধরা, তবে সুপারস্টার সিং যদি তিক্ততা ভুলে আদতেই প্রযোজক-পরিচালক ফারহান আখতারের পাশে দাঁড়ান, তাহলে ‘বলিউডের বাস্তুতন্ত্রে’ যে বড়সড় প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। তবে উল্লেখ্য, রণবীর কিংবা ফারহান উভয়ের কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে সিলমোহর বসাননি। কিংবা সাম্প্রতিক সাক্ষাৎকারেও এই বিষয়ে কোনও কথা বলেননি ফারহান আখতার।
কেএন/এসএন