© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানুশকে নিয়ে বানশালির নতুন চমক! আসছে জঙ্গলের পটভূমিতে পৌরাণিক মহাকাব্যিক সিনেমা

শেয়ার করুন:
ধানুশকে নিয়ে বানশালির নতুন চমক! আসছে জঙ্গলের পটভূমিতে পৌরাণিক মহাকাব্যিক সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৯ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
বলিউডের ড্রিম মেকার পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং দক্ষিণের পাওয়ারহাউস ধানুশ! ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্টের খবর সামনে এল। শোনা যাচ্ছে, বনশালি প্রোডাকশনের ব্যানারে পি.এস. মথিরনের পরিচালনায় একটি বিগ বাজেট পৌরাণিক ড্রামায় দেখা যাবে ধানুশকে।

বলিউড এবং দক্ষিণী সিনেমার মেলবন্ধনে নতুন ইতিহাস তৈরির পথে সঞ্জয় লীলা বনশালি। শোনা যাচ্ছে, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটি প্রজেক্টে হাত দিয়েছেন বনশালি, যার প্রধান চরিত্রে থাকছেন তামিল সুপারস্টার ধানুশ। একটি গভীর জঙ্গলের পটভূমিতে তৈরি হতে চলেছে এই পৌরাণিক ড্রামা। ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ এবং ‘সরদার’ খ্যাত পরিচালক পি.এস. মথিরন এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন। এই প্রজেক্টটির মাধ্যমেই পি.এস. মথিরন হিন্দি সিনেমায় তাঁর পরিচালনায় অভিষেক করবেন।

 
সূত্রের খবর, পরিচালক পি.এস. মথিরন প্রথমে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ‘রাউডি রাঠোর ২’ প্রজেক্টে কাজ করার পরিকল্পনা করেছিলেন। তবে নানা কারণে সেই ছবিটি আর আলোর মুখ দেখেনি। এরপরই টিম নতুন কোনও আইডিয়া নিয়ে কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত এই জঙ্গল-ভিত্তিক পৌরাণিক গল্পের চিত্রনাট্য চূড়ান্ত হয়। কয়েক মাস আগেই চিত্রনাট্য লক হয়ে যাওয়ার পর শুরু হয় মুখ্য চরিত্রের সন্ধান। শোনা যাচ্ছে, প্রথমে রাম চরণকে এই রোলের জন্য ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধানুশ এই প্রজেক্টটি লুফে নিয়েছেন।

ধানুশের কেরিয়ারের অন্যতম বড় এই বলিউড প্রজেক্টটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের শুরু থেকে। আপাতত ধানুশ তাঁর দক্ষিণী প্রজেক্টগুলো শেষ করায় মনোযোগী। ৩০ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘কারা’, যেখানে তাঁকে একজন মরিয়া ডাকাতের চরিত্রে দেখা যাবে। এরপর তাঁর ঝুলিতে রয়েছে ‘ডি ৫৫’, মার সেলভরাজ পরিচালিত ছবি, এবং ‘ভাডা চেন্নাই ২’-এর মতো হেভিওয়েট প্রজেক্ট।

সব মিলিয়ে সঞ্জয় লীলা বনশালির ব্যানারে ধনুশের এই পৌরাণিক সফর যে ভারতীয় সিনেমার দর্শকদের জন্য বড় কিছু হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

কেএন/এসএন

মন্তব্য করুন