© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান অভিনেতারা, বিস্ফোরক দাবি আন্নুর

শেয়ার করুন:
অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান অভিনেতারা, বিস্ফোরক দাবি আন্নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বলিউডের অন্দরে লুকিয়ে থাকা অস্বস্তিকর বাস্তবতা নিয়ে ফের সরব হলেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। দীর্ঘ অভিনয়জীবনে নানা বিতর্কিত বিষয়ে খোলামেলা মতামত দেওয়ার জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা রুপালি পর্দার চকচকে আড়ালের বিপরীত ছবি তুলে ধরে।

পর্দায় রোমান্টিক কিংবা ঘনিষ্ঠ দৃশ্য যতই মসৃণ ও নিখুঁত মনে হোক না কেন, শুটিং সেটে তার অভিজ্ঞতা অনেক সময়ই হয়ে ওঠে জটিল ও অস্বস্তিকর এমনটাই দাবি অন্নুর। এক জনপ্রিয় আলাপচারিতায় তিনি জানান, বহু ক্ষেত্রে দেখা যায়, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন কিছু অভিনেতা নিজেদের সংযম হারিয়ে ফেলেন। এমনকি পরিচালকের নির্দেশ থামার পরেও দৃশ্য চালিয়ে যাওয়ার ঘটনাও নাকি বিরল নয়।

নিজের বক্তব্যকে স্পষ্ট করতে গিয়ে তিনি একটি ঘটনার উল্লেখ করেন। সেখানে এক অভিনেতা ঘনিষ্ঠ দৃশ্যের সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, দৃশ্য শেষ হওয়ার নির্দেশের পরেও থামেননি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সহ-অভিনেত্রীকে নিজেকে ছাড়িয়ে নিতে হিমশিম খেতে হয় এবং পরে আতঙ্কে কয়েকদিন তিনি নিজেকে গুটিয়ে রাখেন। যদিও কোনও নাম উল্লেখ করেননি অন্নু, তবে তার দাবি, সংশ্লিষ্ট অভিনেত্রী এই ঘটনা অস্বীকার করবেন না।

এই প্রসঙ্গে উঠে আসে তার সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অতীতের এক তিক্ত অভিজ্ঞতার কথাও। একটি ছবির শুটিংয়ের সময় প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে আন্নু বলেন, নায়ক হিসেবে অন্য কেউ থাকলে হয়তো সেই আপত্তি থাকত না। তার মতে, চেহারা বা গ্ল্যামারের ধারণাই এই অস্বস্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা।



তবে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট আন্নু কাপুর। তিনি জানান, এমন দৃশ্যের ক্ষেত্রে তিনি সবসময় পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেন। সহ-অভিনেত্রী স্বচ্ছন্দ বোধ করছেন কি না, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কোনও আচরণ বা মন্তব্য থেকে তিনি দূরে থাকেন, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি সফল ছবিতে দেখা গিয়েছিল তাকে, আর শোনা যাচ্ছে, খুব শিগগিরই আরও একটি নতুন ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন। তবে তার আগে তার এই বিস্ফোরক মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে বলিউডের অন্তরঙ্গ দৃশ্যের বাস্তবতা এবং কর্মক্ষেত্রে পেশাদার আচরণের গুরুত্ব।

পিআর/টিকে


মন্তব্য করুন