ভোট দিয়ে বেরিয়ে কী বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী?
ছবি: সংগৃহীত
০৫:৪৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের দিন সকালে বেলগাছিয়ায় ভোট দিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘ দেড়-দু’মাস ধরে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে রাজ্যের নানা প্রান্তে প্রচার চালিয়েছেন। ভোটদানের পর তার মুখে শোনা গেল আশ্বাসের সুর, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
সকাল থেকেই ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিন কালো রোদচশমা, কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি এবং গলায় গেরুয়া উত্তরীয় পরে ভোটকেন্দ্রে পৌঁছান মিঠুন চক্রবর্তী। কোনো ধরনের বিশেষ সুবিধা না নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। কোনো বিশেষ সুবিধার জন্য কখনও অনুরোধ করেননি বলেও জানান তিনি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য তিনি সন্তুষ্ট। প্রথম দফার মতো এই দফাতেও বিপুল ভোট পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তার বক্তব্যে আরও উঠে আসে ভোটের হার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি বলেন, এত বেশি ভোট পড়লে ফলাফল সম্পর্কে মানুষ নিজেরাই ধারণা করতে পারবেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ।
এদিকে একই দিনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন একাধিক তারকা। রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং কোয়েল মল্লিকসহ অনেকেই সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচনের এই পর্বে তারকাদের উপস্থিতি এবং মিঠুন চক্রবর্তীর মন্তব্য ভোট পরবর্তী রাজনৈতিক আলোচনাকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে তাঁর আশ্বাসবাণীপূর্ণ মন্তব্য ঘিরে দুই শিবিরেই শুরু হয়েছে তৎপরতা।
রাজনৈতিক প্রচারের পর ভোটদানের দিনে তাঁর এই উপস্থিতি এবং মন্তব্যকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
পিআর/টিকে