রাহুলের মৃত্যুর এক মাস পূর্ণ, কেমন আছে ছেলে সহজ?
ছবি: সংগৃহীত
০৭:৫৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক প্রয়াণের এক মাস পেরিয়ে গেলেও শোকের আবহ এখনো কাটেনি পরিবার ও সহকর্মীদের মধ্যে। গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই না ফেরার দেশে পাড়ি দেন তিনি। সেই ঘটনা ঘিরে যেমন তৈরি হয়েছে নানা প্রশ্ন, তেমনি শিল্পীদের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন জগতে।
এই কঠিন সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর একমাত্র ছেলে সহজের কথা। বাবার আকস্মিক চলে যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছিল ছোট্ট শিশু। সেই সময় তাকে আগলে রেখে একাই সবটা সামলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা বদলালেও, শোকের গভীরতা যে এখনো অটুট, তা স্পষ্ট তাঁর কথাতেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, শোক সামলানোর লড়াই প্রত্যেকেরই আলাদা। সহজ কেমন আছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি। তাঁর কথায়, সবাই নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে ছেলের সঙ্গে জোর করে কথা বলার পক্ষপাতী নন তিনি। বরং সময় হলে সহজ নিজেই নিজের অনুভূতি প্রকাশ করবে এমনটাই বিশ্বাস তাঁর।
রাহুলের মৃত্যুর সময় ছেলেকে ঘিরেই সবচেয়ে আবেগঘন হয়ে উঠেছিল পরিস্থিতি। আচমকা এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়া সন্তানকে আগলে রেখে বাস্তবের কঠিন লড়াই লড়ছেন প্রিয়াঙ্কা। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে সন্তানের মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখযোগ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তাঁদের সম্পর্কের সূচনা, যা পরবর্তীতে বাস্তব জীবনের সম্পর্কেও রূপ নেয়। বন্ধুত্ব, প্রেম, বিবাহ এবং সন্তান সব মিলিয়ে এক পূর্ণ সংসার গড়ে উঠেছিল তাঁদের। মাঝেমধ্যে সম্পর্কে টানাপোড়েন এলেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তাঁরা। ঠিক তখনই আকস্মিক এই মৃত্যু যেন সমস্ত স্বপ্ন ভেঙে দেয়।
এক মাস পরেও সেই শূন্যতা ভরাট হয়নি। বরং সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠছে ক্ষতির গভীরতা। ব্যক্তিগত শোকের এই গল্প আজ অনেকের কাছেই হয়ে উঠেছে আবেগ আর বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি।
পিআর/টিকে