ভোট দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানালেন দেব
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে আজ ভোটের আমেজ। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার দিনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় সকল টলিউড তারকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এদিন কর্মসংস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুপারস্টার সাংসদ দেব। জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিয়েছেন দেব। প্রতিবছরের মতো এবারও মা-বাবাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন এই তারকা। ভোট দিয়ে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তাই সানন্দে উদযাপন করুন।’
মাসখানেক লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে প্রচার চালিয়েছেন এই নেতা-অভিনেতা। এবার দ্বিতীয় দফার ভোট উৎসবে শামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি এক বিশেষ দাবি জানান।

দেব বলেন, ‘জানি না, এটা নিয়ে বলা ঠিক হবে কিনা! তবে সত্যি বলতে কী, রাজ্য তথা গোটা দেশেই এখন জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। চাকরির অবস্থাও সকলে দেখতেই পাচ্ছেন। আমাদের দেশ চীনের জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে, অথচ আয়তনে চীন কত বড়!’
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ থেকে ২৫ বছর লাগবে। বললেন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি সরকার গড়েন, তাহলে দিদিকে বলব অথবা অন্য কেউ এলে তাঁকে। আসলে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি রাখব, যাতে দেশের প্রত্যেক রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হয়। সময় অনেকটা লাগবে। কারণ এটা ঘাটাল মাস্টার প্ল্যানের (মেদিনীপুর জেলার ঘাটাল) মতো পাঁচ বছরের পরিকল্পনা নয়।’
এখানেই অবশ্য থামেননি দেব! পশ্চিমবঙ্গের মসনদে ফের তৃণমূলকে প্রত্যাশা করে তিনি বলেন, ‘বাকি সব দলীয় কর্মীদের মতো আমিও চাইব, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। গত এক মাস ধরে যে দলের হয়ে প্রচার করেছি, চাইব তারাই জিতুক। তবে বাকিটা ৪ মে আমরা সবাই জানতে পারব।’
প্রসঙ্গত, চীনকে ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। ২০২৪ সালের এক রিপোর্ট বলছে, আগামী ১২ বছরে দেশটির জনসংখ্যা বেড়ে ১৫২.২ কোটিতে পৌঁছে যাবে। এই পরিপ্রেক্ষিতে এবার কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দেব।
পিআর/টিকে