দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে কী মন্তব্য অভিনেত্রী সামীরার?
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না এমন শর্ত দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এই সিদ্ধান্তের জেরে একাধিক কাজ হাতছাড়া হয়েছে বলেও শোনা যায়। তবে বিষয়টি নিয়ে শিল্পী মহলের মতভেদ স্পষ্ট। সেই আলোচনায় এবার নিজের অবস্থান জানালেন অভিনেত্রী সামিরা রেড্ডি।
বর্তমানে নিজের নতুন ছবি ‘আখরি সাওয়াল’-এর প্রচারে ব্যস্ত সামীরা। এই সময়েই এক সাক্ষাৎকারে তিনি আট ঘণ্টার কাজের শিফট নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তার কথায়, বিষয়টি একপাক্ষিকভাবে দেখা যায় না। কর্মক্ষেত্রের নিজস্ব কিছু চাহিদা থাকে, আবার নতুন মায়েদেরও থাকে আলাদা সীমাবদ্ধতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাটাই সবচেয়ে কঠিন।
সামীরা মনে করেন, প্রত্যেক মানুষেরই নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী কাজ করার অধিকার থাকা উচিত। কর্মক্ষেত্রের পক্ষ থেকেও সেই সুযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবতা হল, এখনও এই ধরনের দাবি অনেক ক্ষেত্রেই বিলাসিতা হিসেবে দেখা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে আট ঘণ্টার কাজের সীমা নির্ধারণ করা সহজ নয় বলেই মত তার।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সামীরা। সন্তান জন্মের পর তিনি দীর্ঘদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন, যা ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই কোনও একটি পক্ষকে সম্পূর্ণ সমর্থন করতে চান না তিনি। বরং দু’দিকের বাস্তবতাকেই সমান গুরুত্ব দিতে চান।
অভিনেত্রীর কথায়, মা হওয়ার পর কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখা প্রতিটি নারীর জন্যই কঠিন চ্যালেঞ্জ। তিনি নিজেও এখন এমন কাজই বেছে নেন, যেখানে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকে। তবে প্রয়োজনে কাজের স্বার্থে অতিরিক্ত সময় দেওয়ার বিষয়টিকেও অস্বীকার করেন না তিনি। তার মতে, সবসময় নয়, কিন্তু বিশেষ পরিস্থিতিতে মানিয়ে নেওয়াও জরুরি।
পিআর/টিএ