© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জিরো সাইজ’ মডেলদের ছাঁটাইয়ের খবর নাকচ করলেন অ্যান হ্যাথাওয়ে

শেয়ার করুন:
‘জিরো সাইজ’ মডেলদের ছাঁটাইয়ের খবর নাকচ করলেন অ্যান হ্যাথাওয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে অন্তর্ভুক্তিমূলক ফ্যাশন বা ‘বডি ইনক্লুসিভিটি’ নিশ্চিত করতে গিয়ে কোনো ‘সাইজ-জিরো’ মডেলকে ছাঁটাই করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বিষয়টি পরিষ্কার করেন।

মূলত গত মার্চ মাসে হার্পার’স বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সহ-শিল্পী মেরিল স্ট্রিপের একটি মন্তব্য থেকে এ আলোচনার সূত্রপাত। স্ট্রিপ জানিয়েছিলেন, শুটিং সেটে মডেলদের মাত্রাতিরিক্ত কৃশকায় দেখে তিনি এবং হ্যাথাওয়ে দুজনেই অবাক হয়েছিলেন। তিনি বলেন, ‘অ্যানি বিষয়টি লক্ষ্য করে সরাসরি প্রযোজকদের কাছে যায় এবং প্রতিশ্রুতি আদায় করে নেয় যে, আমাদের সিনেমার ফ্যাশন শো-তে মডেলদের যেন কঙ্কালসার দেখায় এমন কাউকে না রাখা হয়।’ স্ট্রিপ হ্যাথাওয়েকে একজন ‘সাহসী নারী’ হিসেবেও অভিহিত করেন।



গত সপ্তাহে নিউইয়র্কে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠানে হ্যাথাওয়েকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি পর্দায় বিভিন্ন শারীরিক গড়নের মানুষের উপস্থিতি দর্শক বেশি উপভোগ করবেন। আমি কেবল প্রযোজকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আকারের ক্ষেত্রে বৈচিত্র্য আনলে কি দৃশ্যটি আরও শক্তিশালী হবে না? তারা আমার কথা শুনে দুঃখ প্রকাশ করেন যে বিষয়টি আগে তাদের মাথায় আসেনি। তবে বিষয়টি বোঝার এক ঘণ্টার মধ্যেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন।’

তবে এ আলোচনার জেরে গুঞ্জন ছড়ায় যে, হ্যাথাওয়ের আপত্তিতে অনেক জিরো-সাইজ মডেল কাজ হারিয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে এ ভুল ধারণা ভাঙতে হ্যাথাওয়ে বলেন, ‘কিছু ভুল তথ্য ছড়াচ্ছে যে আকারের ভিন্নতা আনতে গিয়ে মানুষ চাকরি হারিয়েছে। বিষয়টি মোটেও তেমন নয়। কেউ কাজ হারাননি বরং এতে আরও মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, মূল সিনেমার ২০ বছর পর এ সপ্তাহান্তেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ‘প্রজেক্ট হেইল মেরি’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ কিংবা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর সাফল্যের ধারাবাহিকতায় এ সিক্যুয়েলটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পিআর/টিএ

মন্তব্য করুন