দীর্ঘ ১৪ বছর পর ‘গানপোকা’র অফিসিয়াল গান প্রকাশ
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
ব্যান্ড হিসেবে গানপোকা যতটা না পরিচিত, তার চেয়ে হাজারগুণ বেশি জনপ্রিয় তাদের একেকটা গান। তুমুল জনপ্রিয়তা নিয়ে গানপোকার একেকটি গান গভীরভাবে শেকড় গেড়ে বসেছে বাংলা গানের ভূমিতে। বিশেষ করে ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’ তো রীতিমতো গণমানুষের গান হয়ে উঠেছে অনেক আগেই। অথচ দীর্ঘ ১৪ বছরের পথচলায় এ ব্যান্ডের কোনো গানের অফিসিয়াল রেকর্ডকৃত স্টুডিও ভার্সন ছিল না। ‘গানপোকা’ এবার তাদের প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের ঘোষণা দিয়েছে।
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্যান্ডের বহুল প্রতীক্ষিত গান ‘গতি জড়তা’ ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে দলটি। গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং ভিডিওটির নান্দনিক অ্যানিমেশন তৈরিতে ছিলেন মুস্তাকিম আলভী।
কেন ‘মে দিবস’কে বেছে নিলেন, এ প্রশ্নের জবাবে ব্যান্ডের সদস্যরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দেন। মেধা ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে এ বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তারা।

ব্যান্ডের অন্যতম ভোকাল রাশেদুজ্জান রাশেদ বলেন, ‘আমরা গানের জন্যই গান করি। গানটাকে শুধু পণ্য হিসেবে আমরা নিইনি। ফলে গানটা যতক্ষণ পর্যন্ত আমাদের যাপন, অনুভব আর আমাদের অন্তর্গত যন্ত্রণার খোঁজ দিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত গানের কথা ও সুরের সাবল দিয়ে আমরা আমাদের অন্তর খুঁড়তে চেয়েছি। কাজটা সহজ নয়, ফলে আমাদের নিজেদের ভেতর নিজেদেরই বিলীন হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হয়েছে একেকটা শব্দ, তরঙ্গের পেছনে।’
গানপোকা ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘গতি জড়তা’ মূলত তাদের প্রথম অফিসিয়াল অ্যালবাম ‘গানপোকা’র অংশ। তবে পুরো অ্যালবাম একবারে রিলিজ না দিয়ে ধারাবাহিকভাবে একটি একটি করে গান মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে।
এসএ/এসএন