© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজেশ খান্নাকে ‘সুপারস্টার’ তকমা দেওয়ার অজানা গল্প

শেয়ার করুন:
রাজেশ খান্নাকে ‘সুপারস্টার’ তকমা দেওয়ার অজানা গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম 'সুপারস্টার' বললেই একজনের নামই সবার আগে আসে-  রাজেশ খান্না। তাঁর সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা এবং উন্মাদনা আজও বলিউডের রূপকথার মতো। কিন্তু জানেন কি, এই 'সুপারস্টার' তকমাটি কীভাবে তাঁর নামের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে গিয়েছিল? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক পুরনো ভিডিওতে সেই অজানা রহস্য ফাঁস করেছেন প্রয়াত তারকার তৎকালীন পাবলিসিটি এজেন্ট তারক নাথ গান্ধী।

রাজেশ খান্না মানেই টানা ১৭টি ছবি ব্লকবাস্টার, রাজেশ খান্না মানেই মেয়েদের রক্ত দিয়ে লেখা প্রেমপত্র। কিন্তু তাঁর নামের আগে এই 'সুপারস্টার' তকমাটি কি এমনি এমনি এসেছিল? নাকি এর পিছনে ছিল এক মাস্টারপ্ল্যান? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাবলিসিটি এজেন্ট তারক নাথ গান্ধী জানিয়েছেন, এই তকমাটি প্রতিষ্ঠিত করতে সাংবাদিকদের রীতিমতো 'ম্যানেজ' করতে হয়েছিল তাঁদের।

তারক নাথ গান্ধী ভিডিওতে বলেন, “আমরা যখনই কোনও খবর পাঠাতাম, রাজেশ খান্নার নামের আগে ‘সুপারস্টার’ লিখে দিতাম। এতে অনেক সাংবাদিকই চটে যেতেন। তাঁরা বলতেন, ‘আমরা কেন ওঁর নামের আগে সুপারস্টার লিখব?’ তাঁদের বোঝাতে আমাদের অনেক কসরত করতে হয়েছে। কখনও ভালবেসে কথা বলে, কখনও ডিনারে নিয়ে গিয়ে, আবার কখনও দামী উপহার দিয়ে তাঁদের রাজি করাতে হতো।” গান্ধী আরও যোগ করেন, একটি জিনিস যখন বারবার বলা হয় এবং প্রতিষ্ঠিত করা হয়, তখন সেটিই সত্যি হয়ে দাঁড়ায়।

প্রচার সচিব যাই বলুন না কেন, সমাজমাধ্যম ব্যবহারকারীরা কিন্তু রাজেশ খান্নার প্রতিভাকেই বড় করে দেখছেন। কেউ লিখেছেন, “তিনি প্রচারের সাহায্য নিয়ে থাকতে পারেন, কিন্তু টানা ১৭টি ব্লকবাস্টার দেওয়ার ক্ষমতা কেবল তাঁরই ছিল।” ১৯৬৯ থেকে ১৯৭১ সালের মধ্যে 'আরাধনা', 'দো রাস্তে', 'কাটি পতঙ্গ', 'আনন্দ', 'অমর প্রেম'-এর মতো একের পর এক সফল ছবি দিয়ে তিনি যে রেকর্ড গড়েছিলেন, তা আজও অজেয়।



রাজেশ খান্নার জনপ্রিয়তা, উন্মাদনা কেবল সিনেমা হলের টিকিটে সীমাবদ্ধ ছিল না। তাঁর গাড়ির ধুলো দিয়ে মেয়েরা সিঁথিতে সিঁদুর পরতেন, তাঁর সাদা গাড়িটি লিপস্টিকের দাগে লাল হয়ে যেত- এমন সব গল্প আজও বলিউডের অলিতে-গলিতে ঘোরে। বিশেষ করে 'আনন্দ' ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের চোখে জল আনে।

পাবলিসিটি স্টান্ট বা ইমেজ কিউরেশন যা-ই থাকুক না কেন, 'কাকা' ওরফে রাজেশ খান্না যে পর্দার জাদুতে গোটা ভারতকে মোহাবিষ্ট করে রেখেছিলেন, তা আজ অস্বীকার করার উপায় নেই। এই প্রচার কৌশল হয়তো সেই জাদুর আগুনে ঘি ঢেলেছিল মাত্র।

এসএ/এসএন

মন্তব্য করুন