আদিত্যের পরবর্তী ছবিতেও কি থাকছেন রণবীর?
ছবি: সংগৃহীত
০৫:৩২ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার অ্যাকশন প্যাকেজ উপহার দেওয়ার পর এবার আরও বড় কিছুর প্রস্তুতি নিচ্ছেন পরিচালক আদিত্য ধর। খবর, আদিত্যর হাতে এসেছে এক দুর্দান্ত আইডিয়া, যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি।আদিত্য ধর মানেই লার্জার-দ্যান-লাইফ সিনেমাটিক অভিজ্ঞতা। ‘উরি’ দিয়ে জাতীয় পুরস্কার জয় থেকে শুরু করে সাম্প্রতিক ‘ধুরন্ধর’- আদিত্য প্রমাণ করেছেন যে হাই-ভোল্টেজ ড্রামা তৈরিতে তিনি সিদ্ধহস্ত। এবার তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে বড় খবর সামনে এল। শোনা যাচ্ছে, ২০২৭ সালের মার্চ মাস থেকে এই নতুন ছবির শুটিং শুরু করতে চাইছেন পরিচালক।
সবচেয়ে বড় চমক হল ছবির কাস্টিং। এই হাই-কনসেপ্ট ছবির জন্য আদিত্য ধরের প্রথম পছন্দ বলিউডের ‘পাওয়ার হাউস’ রণবীর সিং। সূত্রের খবর, আদিত্য তাঁর নতুন আইডিয়াটি নিয়ে রণবীরের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। রণবীরের বহুমুখী অভিনয় প্রতিভা এবং এনার্জি আদিত্যর এই উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য একদম মানানসই। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক সই বা কাগজের কাজ শেষ হয়নি, তবে রণবীর-ই যে এই রেসের সবথেকে এগিয়ে থাকা ঘোড়া, তা বলাই বাহুল্য।

ছবির নাম বা ঘরানা এখনও গোপনই রাখা হয়েছে। তবে জানা গেছে, এটি একটি গ্র্যান্ড স্কেল প্রজেক্ট হতে চলেছে, যা আগের সব রেকর্ড ভাঙতে পারে। বর্তমানে আদিত্য চিত্রনাট্য উন্নয়নের কাজে ব্যস্ত। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় এবং রণবীর সিং অফিশিয়ালি এই ছবির অংশ হন, তবে ২০২৭ সালের সবথেকে চর্চিত জুটি হতে চলেছেন আদিত্য ধর ও রণবীর সিং।
‘উরি’ থেকে শুরু হওয়া জয়যাত্রা ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আরও শক্তিশালী হয়েছে। বি টাউনের বিশেষজ্ঞরা মনে করছেন, আদিত্য ধর ভারতের এমন একজন পরিচালক যিনি বিশ্বমানের অ্যাকশন ও আবেগকে স্ক্রিনে দারুণভাবে ফুটিয়ে তোলেন। রণবীরের মতো একজন সুপারস্টার সেই ফ্রেমে যুক্ত হলে ভারতীয় সিনেমার ক্যানভাস যে আরও রঙিন হবে, তা নিশ্চিত।
এসএ/এসএন