© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর টু’-এর ক্লাইম্যাক্সে পোড়ানো হয়েছে ৫০০ লিটার পেট্রোল!

শেয়ার করুন:
‘ধুরন্ধর টু’-এর ক্লাইম্যাক্সে পোড়ানো হয়েছে ৫০০ লিটার পেট্রোল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর টু) বক্স অফিসে হাজার কোটি রুপির ব্যবসা ছাড়িয়ে রেকর্ড গড়ে চলেছে। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি ছবিটির নেপথ্যের নানা রোমাঞ্চকর তথ্য এখন প্রকাশ্যে আসছে। বিশেষ করে ছবির অ্যাকশন দৃশ্যের বাস্তবতা ফুটিয়ে তুলতে পরিচালক আদিত্য ধর ও তার টিম কোনো কৃত্রিম প্রযুক্তির (ভিএফএক্স) সাহায্য না নিয়ে সরাসরি ৫০০ লিটার পেট্রোল ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানা গেছে।

ছবির অ্যাকশন ডিরেক্টর প্রকাশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ক্লাইম্যাক্সে রণবীর সিং ও অর্জুন রামপালের লড়াইয়ের দৃশ্যটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত এ ধরনের বড় বিস্ফোরণের ক্ষেত্রে গ্রাফিক্সের সাহায্য নেওয়া হলেও পরিচালক আদিত্য ধর চেয়েছিলেন পুরো বিষয়টি যেন স্বাভাবিক দেখায়। বড় তেলের ট্যাঙ্কার ও কন্টেইনার উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো বাস্তবে ধারণ করা হয়েছে।



অ্যাকশন ডিরেক্টরের দাবি অনুযায়ী, প্রথমে ২৫০ লিটার পেট্রোল ব্যবহারের পরিকল্পনা থাকলেও বিস্ফোরণকে আরও জোরালো করতে তিনি ৫০০ লিটার পেট্রোল ও প্রতিটি ট্যাঙ্কে অতিরিক্ত ২৫ কেজি বিস্ফোরক ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

বিপজ্জনক এই দৃশ্য ধারণের সময় অভিনেতারা স্পটেই উপস্থিত ছিলেন। অভিনেতা রণবীর সিং এবং অর্জুন রামপাল জীবনের ঝুঁকি থাকলেও দৃশ্যটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পূর্ণ সহযোগিতা করেছেন। শুটিং শেষে তাদের অভিনয় এবং অ্যাকশন টিমের কাজের ব্যাপক প্রশংসা করা হয়। পাকিস্তান-বিরোধী পটভূমি ও টানটান উত্তেজনার অ্যাকশনই মূলত এই ছবির সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে ‘ধুরন্ধর টু’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরবর্তী প্রজেক্টের পরিকল্পনা শুরু করেছেন আদিত্য ধর। বলিউড সূত্রে খবর, ২০২৭ সালের মার্চ মাসে নতুন এই সিনেমার শুটিং শুরু হতে পারে। সেই ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে রণবীর সিংকেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বড় পর্দার সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে রণবীর সিংয়ের এই ধামাকা।

এসএ/এসএন

মন্তব্য করুন