© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সঞ্জয় কাপুরের সম্পত্তি মামলা নিয়ে কোন ইঙ্গিত দিলেন কারিনা?

শেয়ার করুন:
সঞ্জয় কাপুরের সম্পত্তি মামলা নিয়ে কোন ইঙ্গিত দিলেন কারিনা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৪ পিএম | ০১ মে, ২০২৬
প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে আইনি জটিলতা এখন আরও এক নতুন মোড় নিয়েছে। কোটি কোটি টাকার এই সম্পত্তি বণ্টন নিয়ে পরিবারের ভেতর চলমান দ্বন্দ্বের মাঝেই এবার সামাজিক মাধ্যমে রহস্যময় বার্তা দিয়ে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, মামলা চলাকালীন অবস্থায় সঞ্জয় কাপুরের আনুমানিক ত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর বা বিক্রি করা যাবে না এবং তা সম্পূর্ণভাবে সংরক্ষণ করতে হবে। আদালতের এই নির্দেশের পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।



জানা গেছে, এই সম্পত্তি নিয়ে একদিকে রয়েছেন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব, অন্যদিকে প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরের সন্তান কিয়ান ও সামাইরা। দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে মামলা এখন তীব্র বিতর্কের কেন্দ্রে।

এর মধ্যেই কারিনা কাপুর তাঁর সামাজিক মাধ্যমে একটি বার্তা পোস্ট করেন, যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি লেখেন, আলো আছে, ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে। এই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা ব্যাখ্যা।

আইনগত নির্দেশ অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না এবং সঞ্জয় কাপুরের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কোনো অর্থ উত্তোলন করা যাবে না। আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, উইলের সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে, যার দায় প্রিয়া সচদেবকেই ব্যাখ্যা করতে হবে।

অন্যদিকে, কিয়ান ও সামাইরা অভিযোগ করেছেন যে তাদের বাবার উইল জাল করা হয়েছে এবং সম্পত্তির তালিকায় বহু গুরুত্বপূর্ণ সম্পদ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, পুরো সম্পত্তি বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।

সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছিল ২০২৫ সালের জুন মাসে লন্ডনে পোলো খেলার সময়। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে মৃত্যু হলেও পরবর্তীতে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও ব্রিটিশ চিকিৎসা কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, এটি স্বাভাবিক মৃত্যু।

বর্তমানে আদালতের নির্দেশ ও পারিবারিক বিরোধ মিলিয়ে এই সম্পত্তি মামলা বলিউড ও ব্যবসায়িক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। করিনা কাপুরের সাম্প্রতিক বার্তা সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন