‘মিটিংয়ে ডেকে পরিচালক বিকিনি পরে দেখাতে বলেন’
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ০১ মে, ২০২৬
বলিউডে প্রায়ই কাস্টিং কাউচের কথা শোনা যায়। একই প্রসঙ্গে আবারও সামনে এলো চাঞ্চল্যকর অভিজ্ঞতা।
সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী মাদালসা শর্মা তার ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ করেছেন।
তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক পরিচিত চলচ্চিত্র পরিচালকের সঙ্গে মিটিংয়ে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি, যা তাকে বিস্মিত করেছিল।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই পরিচালক তাকে একটি সিনেমার বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন, এটি সাধারণ কোনো অডিশন বা মিটিং।
কিন্তু কথোপকথনের এক পর্যায়ে পরিচালক জানতে চান, তিনি বিকিনি পরতে স্বচ্ছন্দ কি না। মাদালসা বলেন, একজন অত্যন্ত নামকরা চলচ্চিত্র পরিচালক আমাকে একটি মিটিংয়ের জন্য ডেকেছিলেন।
তখন আমার বয়স ছিল প্রায় ১৯। তিনি আমাকে বলেছিলেন যে তিনি এমন একজন মেয়ে খুঁজছেন যে বিকিনি পরতে স্বচ্ছন্দ। প্রথমে তিনি বিষয়টিকে পেশাগত প্রয়োজন হিসেবেই দেখেছিলেন।তবে পরে গল্পের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা বোঝার চেষ্টা করেন। তিনি স্পষ্টভাবে জানতে চান, দৃশ্যটির আদৌ কোনো প্রয়োজন আছে কি না, নাকি এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।
তিনি বলেন, সত্যি বলতে, আমি মনে মনে ভাবলাম যে এটা কোনো বড় ব্যাপার নয়... তাই আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তারপর আমি গল্পটা বুঝতে চাইলাম। গল্পে এর কোনো যৌক্তিকতা আছে কি না, নাকি এটার কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে?

কিন্তু পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে যখন পরিচালক তাকে সরাসরি সামনে বিকিনি পরে দেখাতে বলেন। তখনই নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।
মাদালসা বলেন, পরিচালক দেখতে চান আমি বিকিনি পরতে পারি কি না। তার সামনে বিকিনি পরে দেখাতে বলেন। তিনি বললেন, ‘আমি তোমার শারীরিক ভাষা দেখতে চাই’।
তিনি জানান, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রের প্রয়োজনে যেকোনো পোশাক ক্যামেরার সামনে পরতে তার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য তা করা তার কাজের অংশ নয়।
মাদালসা স্পষ্ট ভাষায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন। তার কথায়, আপনি যদি প্রতিভার ভিত্তিতে আমাকে সুযোগ দিতে চান, দিন- না হলে আমি জানি দরজা কোন দিকে।
পরে তিনি জানতে পারেন, একই চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর সঙ্গে ওই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে তখন বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়। বলে রাখা যায়, ‘অনুপমা’ ধারাবাহিকে কাব্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মাদালসা শর্মা। রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালে তার চরিত্রটি ছিল সেমি-নেগেটিভ, যা দর্শকদের নজর কাড়ে।
এমআই/টিএ