© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস থাকারই প্রয়োজন নেই: জামায়াত আমির

শেয়ার করুন:
প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস থাকারই প্রয়োজন নেই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ০১ মে, ২০২৬
প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস থাকারই প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীদের দালাল ও সিন্ডিকেটের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় তিন-চার গুণ বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অথচ বিদেশে গিয়ে তারা অমানবিক জীবনযাপন করছেন। প্রবাসীদের 'রেমিট্যান্স যোদ্ধা' বলা হলেও তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, পাসপোর্ট নবায়ন করতে গিয়েও প্রবাসীরা চরম হয়রানির শিকার হন।

দূতাবাসগুলো কেবল কর্মকর্তা লালন-পালনের জন্য নয় বরং জনগণের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে। তাই প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হলে সেখানে দূতাবাসের কোনো প্রয়োজন নেই।

শ্রমিক দিবসের দীর্ঘ ইতিহাস টেনে জামায়াত আমির বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতারা কেবল ১ মে এলেই দরদি সাজেন এবং শ্রমিক আন্দোলনকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এর ফলে নেতাদের ভাগ্য বদলালেও সাধারণ শ্রমিকদের কষ্ট থেকেই যায়। এ সময় তিনি সরকারের প্রতি শ্রমিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়ে অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, শ্রেণি-সংগ্রামের নামে মালিকপক্ষকে শত্রু মনে করার রাজনীতিতে তারা বিশ্বাসী নন। মালিক না থাকলে শ্রমিকরা যেমন কাজ পাবেন না, তেমনি শ্রমিক ছাড়াও প্রতিষ্ঠান চলবে না। তাই মালিককে শ্রমিকের অধিকারের প্রতি ইনসাফ করতে হবে এবং শ্রমিককেও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই শ্রমিকের প্রকৃত মুক্তি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এবি/টিএ

মন্তব্য করুন