© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'দ্য ডেভিল ওয়‍্যারস প্রাডা ২' সিনেমার সিকুয়েলের জন্য দর্শকের ২ দশক অপেক্ষা

শেয়ার করুন:
'দ্য ডেভিল ওয়‍্যারস প্রাডা ২' সিনেমার সিকুয়েলের জন্য দর্শকের ২ দশক অপেক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ এএম | ০২ মে, ২০২৬

বিশ্বব্যাপী মুক্তির দিনে দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমার দ্বিতীয় কিস্তি। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমাটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই দশক।


স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সিনেমাটির ২১টি শো চালানো হবে।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমাটি। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা এই সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দেয়। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। সিনেমাটি বানানো হয় লরেন ওয়েইসবর্গারের একই নামের উপন্যাস অবলম্বনে।



আগের ধারাবাহিকতায় এবারের কিস্তিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল। সিনেমার প্রধান আকর্ষণ হলিউডের তিনজন জনপ্রিয় তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্ট।

আরও অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা, ট্রেসি থমাসসহ অনেকে।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমায় নারীর পেশাগত সংগ্রামের গল্প তুলে ধরেছে, পাশাপাশি করপোরেট জগতের অনেক মুখোশ উন্মোচন করেছে।সিনেমার কাহিনী ছিল সাংবাদিক অ্যান্ডি স্যাক্সকে কেন্দ্র করে। যিনি একটি ফ্যাশন ম্যাগাজিনে চাকরি করেন, যেটির সম্পাদক মিরান্ডা প্রিস্টলি।

এবারের কিস্তিতে দেখা যাবে, পেশাগত সাফল্যের শীর্ষে পৌঁছে ফিচার সম্পাদক হিসেবে পদোন্নতি পাওয়া অ্যান্ডি স্যাক্স এখন আরও আত্মবিশ্বাসী ও পরিণত। আর তার সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রাক্তন সহকর্মী থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া এমিলি চার্লটন।

এই দুই নারীর ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত টানাপোড়েন ঘিরে গড়ে ওঠে নতুন এক সংঘাত ও সম্পর্কের গল্প।

এমআর/টিএ  

মন্তব্য করুন