'ধুরন্ধর'র ঝুঁকিপূর্ণ দৃশ্যে কী কারণে ছিল ৫০০ লিটার পেট্রোল বিস্ফোরণ?
ছবি: সংগৃহীত
০৭:৩৯ এএম | ০২ মে, ২০২৬
মুক্তির পর থেকেই সিনেপ্রেমীদের আলোচনার কেন্দ্রে বলিউডের সুপারহিট সিনেমা 'ধুরন্ধর'। দুর্ধর্ষ অ্যাকশন আর ক্লাইম্যাক্সের মুন্সিয়ানায় দর্শক যখন সিজিআই-এর কারিশমা খুঁজছেন, ঠিক তখনই এলো এক চমকপ্রদ তথ্য; ঝুঁকিপূর্ণ দৃশ্যের জন্য ৫০০ লিটার পেট্রোল বিস্ফোরণ করেন নির্মাতা। কিন্তু কেন জানেন?
সাধারণত বড় কোনো বিস্ফোরণ মানেই গ্রিন স্ক্রিন আর সিজিআই-এর কারসাজি। কিন্তু ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রে সে পথে হাঁটেননি নির্মাতা আদিত্য ধর। শুরু থেকেই তিনি চেয়েছিলেন, অ্যাকশন হবে একেবারে নিখুঁত। বাস্তবে ঘটবে পুরো মুহূর্ত, যা ক্যামেরাবন্দি হবে সরাসরি।
এটি ছিল সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অ্যাকশন দৃশ্যের বিশ্বাসযোগ্য ক্লাইম্যাক্স ঘটাতে নির্মাতা বিশালাকার ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটান। সেলুলয়েডের পর্দায় বাস্তবে বিস্ফোরণ ঘটিয়ে দর্শকদের সত্যিকারে অ্যাডভেঞ্চার দিতেই নির্মাতা ব্যবহার করেন প্রায় ৫০০ লিটার পেট্রোল!
জানা গেছে, শত শত লিটার পেট্রোল ও বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহারে শুটিংয়ে ঝুঁকির মাত্রা ছিল অনেক। নির্দিষ্ট স্থানের তাপমাত্রা বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এমন পরিস্থিতিতেই ক্যামেরার ফ্রেম নিখুঁত করতে অভিনেতা রণবীর সিং এবং অর্জুন কাপুরকে শট দিতে হয় আগুনের একেবারে কাছ থেকে।
অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিয়ে তটস্থ ছিল সিনেমার পুরো টিম। আগুনের আঁচ বা শিখা যেন কোনোভাবেই অভিনেতাদের স্পর্শ করতে না পারে, সেজন্য রাখা হয়েছিল নিশ্ছিদ্র সতর্কতা। শুটিংয়ের এমন খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
নেটিজেনদের একদল বলছে, কৃত্রিমতার ভিড়ে ‘ধুরন্ধর’-এর এই রিয়েল লাইফ বিস্ফোরণ শুধু সাহসিকতারই প্রমাণ নয় বরং অ্যাকশন ঘরানার সিনেমায় তৈরি করেছে এক নতুন মানদণ্ড। তবে আরেকদল বলছেন, শুধু বিশ্বাসযোগ্যতা আনতেই শত শত লিটার জ্বালানি ব্যবহার স্রেফ অপচয় ছাড়া কিছু নয়!
আদিত্য ধর পরিচালিত সিনেমা 'ধুরন্ধর' দর্শকপ্রিয়তায় অসাধারণ সাফল্য পায়। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি বিশ্বজুড়ে আয় করে ১৩০০ কোটির বেশি। ১৯ মার্চ সিনেমাটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর এখন পর্যন্ত আয় করেছে ১৫০০ কোটির বেশি। ভারতে এ সিনেমার আয় ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, আর. মাধবন, সঞ্জয় দত্তসহ অনেকেই। করাচির লিয়ারির অপরাধ জগতকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমা এখন শুধু বক্স অফিসেই নয়, বলিউডের ভেতরের সম্পর্ক ও প্রতিযোগিতার আলোচনাতেও শীর্ষে উঠে এসেছে।
পিআর/টিএ