স্বামী অগ্নিদেবকে ঘিরে দুঃসংবাদ, মুখ খুললেন সুদীপা
ছবি: সংগৃহীত
০৯:৪৭ এএম | ০২ মে, ২০২৬
পরপর ব্যক্তিগত আঘাত আর গুজবের চাপে আবারও আলোচনায় টেলিভিশনের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায়। একদিকে পরিবারের স্বজন হারানোর যন্ত্রণা, অন্যদিকে স্বামীকে নিয়ে ভুয়ো মৃত্যুসংবাদ সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর পরিবার।
সম্প্রতি সমাজমাধ্যমে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে নিয়ে ছড়িয়ে পড়ে ‘দুঃসংবাদ’। যদিও তা সম্পূর্ণ ভিত্তিহীন, তবুও এমন খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করে। বিশেষ করে, কিছুদিন আগেই অসুস্থতার কারণে অগ্নিদেবকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবার। তার উপর এই ভুয়ো খবর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই প্রসঙ্গে সুদীপা জানালেন, এখন আর এমন গুজব তাঁকে আগের মতো ভেঙে দেয় না। সমাজমাধ্যমে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায় তিনি অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে এই ধরনের খবর তাঁদের পরিবারের প্রবীণ সদস্যদের চিন্তায় ফেলে দেয়। আত্মীয়-পরিজনেরা বারবার ফোন করে খোঁজ নিতে থাকেন, আদৌ কোনো কিছু আড়াল করা হচ্ছে কি না এই আশঙ্কা থেকেই।

সুদীপা বলেন, একসময় এই ধরনের সমালোচনা বা গুজব তাকে মানসিকভাবে নাড়িয়ে দিত। কিন্তু এখন তিনি বিষয়গুলোকে অন্যভাবে দেখেন। তাঁর মতে, সমাজমাধ্যমে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই নানা কথা ছড়িয়ে পড়ে, যা গুরুত্ব দেওয়ার মতো নয়।
এমন বিতর্ক এই প্রথম নয় তাঁর জীবনে। এর আগেও একটি অনুষ্ঠানকে ঘিরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, যা তাঁর পরিবারকেও প্রভাবিত করেছিল। এমনকি তাঁর সন্তানের কাছেও সেই প্রসঙ্গ পৌঁছে যায়। তবে নতুন প্রজন্ম এসব বিষয়কে ভিন্নভাবে নেয় বলেই মনে করেন তিনি।
এখন আর চুপ করে থাকার মানুষ নন সুদীপা। প্রয়োজন হলে সমালোচনার জবাবও দিতে শিখেছেন। তাঁর কথায়, সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিত্বদের নিয়েও যখন প্রকাশ্যে কটূক্তি করা হয়, তখন নিজের বিরুদ্ধে এমন সমালোচনা আসা অস্বাভাবিক নয়।
সব মিলিয়ে, ব্যক্তিগত কষ্ট ও গুজবের মাঝেও নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলার বার্তাই দিচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়।
পিআর/এসএন