বিয়ের ৫ বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটছেন এভেলিন শর্মা
ছবি: সংগৃহীত
১০:১৪ এএম | ০২ মে, ২০২৬
দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন বলিউডের পরিচিত মুখ এভলিন শর্মা। বহুদিন ধরেই পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রী নিজেই জানালেন, স্বামী তুষান ভিন্দির সঙ্গে তাঁর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এভেলিন স্পষ্টভাবে বলেন, তাঁদের সম্পর্ক শেষ হয়েছে ঠিকই, তবে এই বিচ্ছেদ তিক্ততার নয়। বরং দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, সন্তানদের একসঙ্গে বড় করে তোলাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আবেদনও জানিয়েছেন তিনি।

২০১৯ সালে বাগদান, তারপর ২০২১ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সব মিলিয়ে সম্পর্কের শুরুটা ছিল বেশ রোম্যান্টিক। প্রথম দেখা হয়েছিল একটি অপ্রত্যাশিত পরিচয়ের মাধ্যমে, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। বিয়ের পরপরই শুরু হয় তাঁদের অভিভাবকত্বের যাত্রা। কন্যাসন্তান এবং পুত্রসন্তান দুই সন্তানকে নিয়েই ছিল তাঁদের ছোট্ট পরিবার।
তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখার কথা জানিয়েছেন এভেলিন। তিনি চান, এই নতুন অধ্যায়টি হোক বন্ধুত্ব এবং সহ-অভিভাবকত্বের ভিত্তিতে গড়ে ওঠা এক ভিন্ন যাত্রা।
অভিনয় থেকে দূরে থাকলেও সমাজমাধ্যমে সক্রিয় এভেলিনের জনপ্রিয়তা কমেনি। তাঁর শেয়ার করা ছবি ও ভিডিও এখনো অনুরাগীদের মধ্যে সাড়া ফেলে। দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্ত সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা।
সব মিলিয়ে, সম্পর্কের সমাপ্তি হলেও দায়িত্ব আর সম্মানের জায়গা অটুট রেখেই নতুন পথচলা শুরু করতে চলেছেন এভলিন শর্মা।
পিআর/এসএন