বিমান থেকে উধাও রুশ পরিচালকের ‘অস্কার’ মূর্তি
ছবি: সংগৃহীত
১২:৩৭ পিএম | ০২ মে, ২০২৬
অস্কার জয়ের আনন্দ বিষাদে রূপ নিল রুশ পরিচালক পাভেল তালানকিনের জন্য। নিউইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তার জিতে নেওয়া সেরা তথ্যচিত্রের অস্কার মূর্তিটি। ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ সিনেমার জন্য এ বছরই তিনি এই সম্মাননা পেয়েছিলেন।
পরিচালক পাভেল তালানকিন লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন।
সাধারণত অস্কার বিজয়ীরা মূর্তিটি নিজেদের কাছেই রাখেন। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা টিএসএ জানায়, ৮.৫ পাউন্ড ওজনের এই শক্তপোক্ত মূর্তিটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইন জানান, নিরাপত্তা কর্মীরা অস্কারটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। পাভেলের কাছে আলাদা কোনো ব্যাগ না থাকায় বাধ্য হয়ে মূর্তিটিকে একটি বাক্সে ভরে বিমানের নিচের মালামাল রাখার স্থানে (হোল্ড লাগেজ) পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু ফ্রাঙ্কফুর্ট পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটি আর নেই।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাভেল তালানকিন বলেন, ‘অস্কারকে কিভাবে অস্ত্র হিসেবে দেখা হতে পারে, তা ভেবে আমি অবাক হচ্ছি। এর আগে অনেকবার তিনি বিমানে করে এটি নিজের কাছে রেখেই ভ্রমণ করেছেন, কিন্তু কখনো এমন সমস্যায় পড়েননি।’
লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে এটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পরিচালককে আশ্বস্ত করে বলেছে যে, দ্রুততম সময়ে অস্কারটি খুঁজে পেতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে।
সূত্র : দ্য হিন্দু
পিআর/এসএন