© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি

শেয়ার করুন:
মধ্যরাতে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ০২ মে, ২০২৬
গতকাল মধ্যরাতে হঠাৎ করে জনপ্রিয় লোকগানের শিল্পী পৌষালী ব্যানার্জিকে কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হঠাৎ এই খবরে তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুতর কিছু নয়।

পৌষালীর স্বামী পারিজাত জানিয়েছেন, গায়িকা কিছুটা অসুস্থ বোধ করছিলেন বলেই চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ভাষায়, এটি মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের অংশ। তিনি আরও জানান, পৌষালীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই।

পৌষালী ব্যানার্জি বাংলার লোকগানের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তাঁর কণ্ঠে লোকসংগীত ও ভক্তিগীতি নতুন করে শ্রোতাদের মন জয় করেছে। সাম্প্রতিক সময়ে তিনি একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন, যা কিছুদিন আগেই প্রকাশিত হয় এবং শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিল্পী ঋষি পান্ডা।



সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে উঠে আসা পৌষালী শুরু থেকেই নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন। অনেকেই যেখানে প্রতিযোগিতা শেষ হওয়ার পর হারিয়ে যান, সেখানে তিনি ধারাবাহিকভাবে লোকসংগীতের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর গান ও পরিবেশনা তাকে নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় করে তুলেছে।

বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুতই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। ভক্তরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

পিআর/এসএন

মন্তব্য করুন