যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল-বৃষ্টির স্মরণে বিশ্ববিদ্যালয়ে শোকসভা
ছবি: সংগৃহীত
০৩:২৮ পিএম | ০২ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর ঘটনায় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকেরা জড়ো হয়ে শোক প্রকাশ করেন।
ক্যাম্পাসে শত শত মানুষ জড়ো লিমন ও বৃষ্টির ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জনান। এসময় সবাই তাদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেন। নিহতের সহপাঠী ওমর হোসাইন বলেন, তারা খুবই দয়ালু এবং বন্ধুসুলভ ছিল। দোয়া করি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, প্রতিশ্রুতি দিচ্ছি, জামিল এবং বৃষ্টিকে আমার হৃদয়ে ধারণ করে রাখবো। একইসঙ্গে প্রতিটি সিদ্ধান্তে তাদের স্মরণ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্টের প্রশাসনিক কর্মকর্তা শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, তাদের যেভাবে বারবার ছুরিকাঘাত করা হয়েছে, তা দেশের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
বিশ্ববিদ্যালয়ের বাস চালক ক্যাথরিন জোন্স বলেন, জামিলের হাসি মনে রাখবো। তার সেই হাসি খুব সুন্দর ছিল, আমি সেটি সবসময় মিস করবো।
এছাড়াও আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টিকে সম্মান জানানো হবে। তাদের নাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে যুক্ত করা হবে, যেখানে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হন। পরে উভয়কেই হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানায়, জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস জামিল আহমেদ লিমনের পর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান। জামিলের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে, দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। আর বৃষ্টির মরদেহ ইতোমধ্যে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমআই/এসএন