© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সব সিদ্ধান্ত ঠিক ছিল না’-জন্মদিনে ফারুকীর স্বীকারোক্তি

শেয়ার করুন:
‘সব সিদ্ধান্ত ঠিক ছিল না’-জন্মদিনে ফারুকীর স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ০২ মে, ২০২৬
জন্মদিনে আবেগঘন ও দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ২ মে নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এই পোস্টে তিনি জীবনের নানা অধ্যায়, ভুল-শুদ্ধ সিদ্ধান্ত, রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, জীবন এখন তার কাছে অনেকটা আত্মবিশ্লেষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “সব সময় যা যা বলার দরকার ছিল, তা সব বলা হয়নি। আবার জীবনের সব সিদ্ধান্তই যে ঠিক ছিল, তাও না। জীবন তো আসলে ভুলেরই পাঠশালা।”

নিজেকে তিনি ‘আধা-বিপ্লবী, আধা-আপোষী’ জীবন যাপনকারী হিসেবে উল্লেখ করেন। জীবনের বড় একটি অংশ পেরিয়ে যাওয়ার পর পেছন ফিরে তাকালে অনেক ঘটনাই সিনেমার দৃশ্যের মতো মনে হয় বলেও জানান এই নির্মাতা।

নিজের ক্যারিয়ারের শুরুতে নানা বিতর্ক ও সমালোচনার কথাও তুলে ধরেন তিনি। নিজের ভাষায় সংলাপ ব্যবহার করার কারণে প্রথমদিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। পাশাপাশি অভিনয়ের ধরন ও চলচ্চিত্র নির্মাণের চিন্তাভাবনা নিয়েও তৎকালীন সময়ে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন তিনি।



স্ট্যাটাসে তিনি আরও লেখেন, সমাজ ও রাজনৈতিক নানা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন সবসময়। বোরখা থেকে জিন্স-টি শার্ট, বৈশাখী শোভাযাত্রা থেকে ঈদ মিছিল-সব ক্ষেত্রেই নিজের মতামত প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি। শাহবাগ, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন সময়ের ঘটনাতেও সরব থাকার কথা বলেন ফারুকী।

তিনি আরও জানান, জুলাই মাসের ঘটনাগুলো তার প্রজন্মের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। শিল্পী হিসেবে অনেক সময় কঠিন অবস্থান নিতে হয়েছে, যার কারণে কিছু বন্ধুত্ব হারাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে নতুন সম্পর্ক ও বন্ধুযোগ তৈরির কথাও বলেন।

স্ট্যাটাসে তিনি একটি সুহৃদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে বলেন, একসময় তার জন্মদিনে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানালেও এখন সেই দৃশ্য আর দেখা যায় না। এর পেছনে বিভিন্ন গুঞ্জন ও ব্যাখ্যার কথাও তিনি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন।

সবশেষে তিনি স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধু, সহকর্মী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, তার নির্মিত চলচ্চিত্রগুলো মূলত দর্শকের সঙ্গে একটি চলমান সংলাপ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এসএন

মন্তব্য করুন