নির্বাচনী উত্তেজনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রসেনজিৎ- এর
ছবি: সংগৃহীত
০৩:৫০ পিএম | ০২ মে, ২০২৬
ভোটের উত্তাপ যখন চূড়ান্তে, ঠিক তখনই এক রহস্যময় বার্তায় চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্বাচন-পরবর্তী ফল ঘোষণার আগে গোটা বাংলাজুড়ে যখন উৎকণ্ঠা আর প্রতীক্ষার আবহ, সেই সময়েই সমাজমাধ্যমে তাঁর একটি সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে। সেখানে লেখা- ‘অনেকদিন পর শহরে অপেক্ষা করতে ভালো লাগছে।’ এই কয়েকটি শব্দেই তৈরি হয় জল্পনার ঝড়।
প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন, ভোটের ফলাফলের দিকেই হয়তো ইঙ্গিত করছেন তিনি। কারণ, ঠিক সেই সময়েই রাজ্যের প্রতিটি প্রান্তে যেন বাড়ছে উত্তেজনার পারদ। সাধারণ মানুষ থেকে তারকা- সবার মনেই একই প্রশ্ন, শেষমেশ কার দখলে যাবে বাংলার মসনদ। সেই প্রেক্ষাপটে প্রসেনজিতের পোস্ট যেন আরও বাড়িয়ে দেয় কৌতূহল। নেটদুনিয়ায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, ‘কীসের অপেক্ষায় বুম্বাদা?’
তবে ধীরে ধীরে সামনে আসে আসল চমক। জানা যায়, এই পোস্টের নেপথ্যে রয়েছে একেবারেই অন্য গল্প। আসলে, নতুন একটি সিনেমার প্রচারের কৌশল হিসেবেই এই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। তাঁর প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন ছবি ‘অনেকদিন পর’, আর সেই ছবির নামকেই কৌশলে সামনে এনে আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছেন অভিনেতা।

এই ছবির পরিচালনায় রয়েছেন সৌরভ পালোধী, যিনি এর আগে ‘অঙ্ক কী কঠিন’ ছবির মাধ্যমে সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। এবার তিনি নিয়ে আসছেন এক নতুন গল্প, যার চিত্রনাট্য গড়েছেন সৌমিত দেব। এই প্রথমবার ‘এনআইডিয়াস’-এর ব্যানারে কাজ করছেন তিনি।
ছবির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ চমকপ্রদ। মুখ্য চরিত্রে থাকছেন চিত্রাঙ্গদা, শতরূপা এবং বিমল গিরি। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায় এবং বিমল চক্রবর্তীদের। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত পরিচালনায় সপ্তক সানাই এবং সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ছাব্বিশ সালের নভেম্বর মাসে শুরু হবে ছবির শুটিং। আর সেই দীর্ঘ অপেক্ষাকেই কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই অভিনব প্রচার কৌশল। নির্বাচনের উত্তেজনার মাঝেই সিনেমার প্রচার- এই মিশ্রণ যে দর্শকদের নজর কাড়তে সফল, তা বলাই যায়।
কয়েকটি শব্দের মধ্যেই যে এত বড় চমক লুকিয়ে থাকতে পারে, তা আবারও প্রমাণ করলেন প্রসেনজিৎ। এখন অপেক্ষা, বড় পর্দায় ‘অনেকদিন পর’ কতটা জায়গা করে নিতে পারে দর্শকদের মনে।
এসএ/এসএন