© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং সেটে বিলাসী চাহিদা নিয়ে আলোচনায় রণবীর সিং

শেয়ার করুন:
শুটিং সেটে বিলাসী চাহিদা নিয়ে আলোচনায় রণবীর সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ০২ মে, ২০২৬
তারকাদের অদ্ভুত সব আবদার নিয়ে নতুন করে সরগরম বলিপাড়া। শুটিং ফ্লোরে বিলাসী চাহিদা বা ব্যক্তিগত আরামের জন্য নানা দাবি নতুন কিছু নয়, তবে এবার এক বিস্ময়কর অভিযোগ ঘিরে শুরু হয়েছে চর্চা। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং আলোচনায় উঠে এসেছেন পরিচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওরহান আত্রামানি।

সম্প্রতি এক ভিডিওতে এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, বলিউডের কিছু তারকা নাকি এতটাই বিলাসী যে তারা সাধারণ পানিতে নয়, বোতলজাত পানি দিয়ে স্নান করার মতো অদ্ভুত আবদার করেন। এমনকি সেই জন্য শুটিং সেটে আলাদা করে পানির সংরক্ষণও রাখা হয় বলে উল্লেখ করা হয়। এই বক্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ওরি খানিক রসিকতার সুরে বলেন, এমন ‘গোপন তথ্য’ প্রকাশ না করার বিষয়ে আগে থেকেই নাকি চুক্তি ছিল, আর এবার বিষয়টি আইনজীবীদের পর্যায়ে যাবে। তার এই মন্তব্য ঘিরে হাস্যরসের পরিবেশ তৈরি হলেও, সেটিই আবার নতুন করে বিতর্কের জন্ম দেয়।



এরপরই মন্তব্যের ঘরে শুরু হয় নানা জল্পনা। এক নেটিজেন দাবি করেন, একটি চলচ্চিত্রে কাজ করার সময় তিনি নিজেই নাকি দেখেছেন ভোরবেলায় অভিনেতার সহকারী বোতলজাত পানি নিয়ে যাচ্ছেন, যাতে সেই পানি দিয়েই স্নান করতে পারেন সংশ্লিষ্ট তারকা। সেই দাবি থেকেই অনেকেই সরাসরি রণবীর সিংয়ের নাম টেনে আনেন।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তর্ক-বিতর্ক আর হাস্যরসের ঢেউ। কেউ এটিকে নিছক মজা হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন তারকাদের জীবনযাত্রার বাস্তবতা নিয়ে।

সব মিলিয়ে, একটি মন্তব্য থেকেই যে কীভাবে নতুন বিতর্কের সূত্রপাত হতে পারে, তারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা।

এসএ/টিএ

মন্তব্য করুন