পুরোনো প্রেমের স্মৃতিতে আবারও আলোচনায় রিতেশ-জেনেলিয়া
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ০২ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা-এর প্রেমকাহিনি আবারও আলোচনায়। দীর্ঘ প্রেমপর্ব, ভিন্ন ধর্ম, ভিন্ন পারিবারিক পটভূমি—সব বাধা পেরিয়ে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। আজও তাঁদের সম্পর্ক অনুরাগীদের কাছে ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।
সম্প্রতি এক সাক্ষাৎকার ও ভাইরাল ভিডিও ঘিরে আবারও সামনে এসেছে তাঁদের পুরোনো প্রেমের গল্প ও দাম্পত্য জীবনের মজার মুহূর্তগুলো। সেখানে জেনেলিয়া হাস্যরসের সুরে জানান, রিতেশ যদি তাকে প্রেমপ্রস্তাব না দিতেন, তবে হয়তো তাদের বিয়ে হতোই না। একই সঙ্গে তিনি মজা করে বলেন, অনেক সময় রিতেশ নিজে থেকে প্রস্তাব না দেওয়ায় তাকেই সেই পরিস্থিতি তৈরি করতে হয়েছিল।
এই মন্তব্য শুনে রিতেশও হালকা মেজাজে প্রতিক্রিয়া দেন এবং তাদের সম্পর্কের খুনসুটি ও বন্ধুত্বপূর্ণ সমীকরণই সামনে আসে। অনুরাগীদের মতে, এই সহজ-সরল বোঝাপড়াই তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।

জানা যায়, তাদের প্রেম শুরু হয় দুই হাজার তিন সালে একটি চলচ্চিত্রের শুটিংয়ের সময়। তখন জেনেলিয়ার বয়স ছিল মাত্র ষোলো বছর। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে প্রেমে রূপ নেয়। বিয়ের আগে দীর্ঘ সময় একে অপরকে চেনা ও বোঝার সুযোগই তাদের সম্পর্ককে দৃঢ় করেছে বলে মনে করেন অনেকে।
বিয়ের আগেও এক অনন্য প্রেমের গল্প রয়েছে এই জুটির। মেরিন ড্রাইভের সামনে এক বিশেষ মুহূর্তে রিতেশ হাঁটু গেড়ে প্রেমপ্রস্তাব দেন জেনেলিয়াকে, যেখানে আতশবাজির আলো সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে।
বিবাহিত জীবনের শুরু হয় দুই ভিন্ন ধর্মীয় রীতিতে- প্রথমে মারাঠি রীতিতে এবং পরে চার্চে খ্রিস্টান বিয়ের মাধ্যমে। দুই ভিন্ন সংস্কৃতি ও পারিবারিক পটভূমি থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক কখনো বাধাগ্রস্ত হয়নি।
আজও এই দম্পতির খুনসুটি, হাসি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুরাগীদের কাছে এক আদর্শ দাম্পত্যের প্রতিচ্ছবি হয়ে রয়েছে।
এসএ/টিএ