হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:২৬ পিএম | ০২ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানের জাহাজগুলো জব্দ করার ঘটনাকে 'খুবই লাভজনক ব্যবসা' বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই অবরোধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের পণ্য ও তেল দখল করেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমরা পণ্য দখল করেছি। তেল দখল করেছি, খুবই লাভজনক ব্যবসা। কে ভেবেছিল আমরা কিছুটা জলদস্যুর মতো। কিন্তু আমরা মজা করছি না।'
নৌ অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, 'ইরান বহু বছর ধরে 'হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা বলেছিল এটি বন্ধ করে দেবে। তারা সেটি করেছেও। তারপর আমিও তাদের (ইরান) ওপর এটি বন্ধ করে দিয়েছি।'
ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, আদৌ কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
তিনি বলেন, 'খোলাখুলি বলতে গেলে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো।' তবে তিনি দাবি করেন, এই পরিস্থিতি চালিয়ে যাওয়া সম্ভব নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে, তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ থেকে ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি হয়নি।
এমআই/টিএ