স্ত্রীর মাথায় ছাতা ধরলেন তারেক রহমান, কী লিখলেন শাওন?
ছবি: সংগৃহীত
০৪:০৯ পিএম | ০৩ মে, ২০২৬
আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শিরোনামের ধরন ও গণমাধ্যমের বর্তমান চিত্র নিয়ে তার করা মন্তব্য এরই মধ্যে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
আজ বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন শাওন। ছবিতে দেখা যায়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সিলেট সফরের সময় একসঙ্গে হাঁটতে। ছবিটি গতকাল (২ মে) সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।
ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে শাওন লেখেন, “আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দুই বছর আগে কেমন হেডলাইন হতো, এখন কেমন হয়?”- এরপর তিনি অতীত ও বর্তমান সময়ের সংবাদ শিরোনামের তুলনা তুলে ধরেন।
তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে “পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী”, “মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী”, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী” কিংবা “বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী” র মতো উন্নয়নমূলক খবর প্রাধান্য পেত, এখন সেখানে ব্যক্তিগত বা হালকা বিষয়ভিত্তিক সংবাদ বেশি গুরুত্ব পাচ্ছে।

বর্তমান সময়ের উদাহরণ টেনে তিনি লেখেন, “ছাতা হাতে সহধর্মিণীকে নিয়ে যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী”, “বাসা থেকে পায়ে হেঁটে অফিস গেলেন প্রধানমন্ত্রী”, “হেঁটেই দলের কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী”, এমনকি “প্রধানমন্ত্রীর আদরের বিড়াল ‘জেবু’ যেভাবে লন্ডন থেকে বাংলাদেশে এলো!”- এসবও এখন শিরোনাম হচ্ছে।
যদিও নিজের এই পর্যবেক্ষণকে “পাতি অবজারভেশন” বলে উল্লেখ করেছেন শাওন, তবু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিবিসির একটি জরিপের কথাও তুলে ধরেন, যেখানে বলা হয়েছে-বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, এবং সেই সূচকে বাংলাদেশও পিছিয়েছে তিন ধাপ।
শাওনের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ ভিন্ন মত দিয়েছেন। তবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এসএ/এসএন