গোবিন্দাকে ঘিরে আবারও আলোচনায় সুনীতা
ছবি: সংগৃহীত
০৭:১৬ পিএম | ০৩ মে, ২০২৬
সুযোগ পেলেই গোবিন্দাকে নিয়ে বিভিন্নরকম মন্তব্য করতে ছাড়েন না স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি 'লাফটার শেফস' নামক একটি কুকিং শো-তে অতিথি হিসেবে এসে বলিউড সুপারস্টার গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা তাঁর স্বামীর সেই বিতর্কিত বন্দুক দুর্ঘটনার বিষয়টি নিয়ে বেশ মজার ছলে ঠাট্টা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক এবং তাঁর স্ত্রী কাশ্মীরা শাহ।
গোবিন্দার বিখ্যাত গান 'আঁখিও সে গোলি মারে'-র সূত্র ধরে সুনিতা রসিকতা করে বলেন, "নিজের স্ত্রীকে যে সম্মান করে, সে সারাজীবন হিরো হয়েই থাকে। আর যে হিরো হয়, সে তো চোখ দিয়েই গুলি চালায়। কিন্তু যখনই কেউ 'থার্ড পার্টি'র চক্করে পড়ে, তখনই তার হাঁটুতে গুলি লাগে।"
অনুষ্ঠানের অন্য একটি অংশে নিয়া শর্মা যখন কমেডিয়ান সুদেশ লেহরির সঙ্গে নিজের জুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, তখন কাশ্মীরা মজার ছলে কৃষ্ণাকে ইঙ্গিত করে বলেন যে সুদেশ হয়তো অন্য কোথাও জুটি বাঁধতে চাইছেন। তাতে সুনীতা আবার টিপ্পনি কেটে বলেন, "না না, এদের তো অভ্যেস আছে। এদেরকে আসলে গুলি করা উচিত।"

২০২৪ সালের ১ অক্টোবর গোবিন্দার মুম্বইয়ের জুহুর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। গোবিন্দা তাঁর লাইসেন্স করা রিভলভারটি পরিষ্কার করার সময় সময় সেটি হাত থেকে পড়ে যায় এবং ভুলবশত গুলি চলে তাঁর হাঁটুর কাছে লাগে। তখন প্রচুর রক্তপাত হওয়ায় তাঁকে দ্রুত আন্ধেরির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলি বের করা হয়। কয়েকদিন আইসিইউ-তে পর্যবেক্ষণে থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। যদিও শুরুতে এই ঘটনা নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল, তবে তাঁর পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে এটি নিছকই একটি দুর্ঘটনা ছিল।
প্রসঙ্গত, সুনীতার সঙ্গে গোবিন্দার বিবাহবিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল বিনোদন জগৎ। তবে তাঁরা জনসমক্ষে কখনও শিকার করেননি বিচ্ছেদের কথা, বরং জানিয়েছেন ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার একসঙ্গে আছেন তাঁরা।
এসএ/টিএ