© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের 'কন্টাক্ট ম্যারেজ' নিয়ে ওমর সানীর তীব্র প্রতিবাদ

শেয়ার করুন:
মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের 'কন্টাক্ট ম্যারেজ' নিয়ে ওমর সানীর তীব্র প্রতিবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ০৩ মে, ২০২৬
বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। রবিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল।

সিনেমাটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে ওমর সানী বলেন, ‘একটা নাটকের শুটিং হয়েছিল আমেরিকাতে, যেখানে আমার স্ত্রী, আপনাদের সবার প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন। মৌসুমীকে এভাবে মানুষ দেখতে অভ্যস্ত নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা বন্ধের অনুরোধ জানাচ্ছি।’ একই ভিডিওতে ভয়েস ওভারে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমীও।



তিনি বলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটা এক ঘণ্টার নাটক ছিল, আমেরিকাতে এটার শুটিং হয়। আমি যেহেতু এখানে আছি তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। দুই দিন শুটিং করার পর সে জানায় আরেক দিন শুটিং করতে হবে, সেটাও করে দিলাম।

এরপর সে আমাকে জানায় যে এটার ফুটেজ বেশি হয়েছে তাই এটাকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চায়। তাই আমাকে আরেক দিন শুটিং করে দিতে বলে। তখন আমি তাকে জানাই যে তাহলে আমাকে টেলিফিল্ম হিসেবে পারিশ্রমিক দিতে হবে। সে বলে যে ঠিক আছে। এখন দেখি যে এটা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।

এও দেখেছি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা কিভাবে হয়? যেখানে আমি কিছুই জানি না, সেখানে আমাকে কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। খুবই দুঃখজনক। এটা মোটেও উচিত হয়নি। আমি আশা করব, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি বিষয়টি বিবেচনা করবে।”

এরপর ওমর সানী জানান, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে সমিতিগুলোতে চিঠি দিয়েছেন। আগামী ১৫ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়।


এসএ/টিএ

মন্তব্য করুন