সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯
ছবি: সংগৃহীত
০২:১০ এএম | ০৪ মে, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় কাঁঠালবোঝাই ট্রাক ও নির্মাণশ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
রোববার (৩ মে) সকাল সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এর আগে ঘটনাস্থল ও হাসপাতালে ৮ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। নিহত বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্য থেকেই আরও একজনের মৃত্যু হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, সকালে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে বেশকিছু নির্মাণশ্রমিক কাজের জন্য সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
আরআই/টিএ