© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাকশাল ও গণতন্ত্রের মূল পার্থক্য মতপ্রকাশের স্বাধীনতা: মঈন খান

শেয়ার করুন:
বাকশাল ও গণতন্ত্রের মূল পার্থক্য মতপ্রকাশের স্বাধীনতা: মঈন খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ০৪ মে, ২০২৬
জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, একদলীয় বাকশাল ও গণতন্ত্রের মধ্যে এটিই মূল পার্থক্য।

রবিবার (৩ মে) দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মঈন খান বলেন, “সংসদে বিতর্ক হবে- এটাই স্বাভাবিক। পৃথিবীর সবাই তো একইভাবে কথা বলবে না বা একই মত পোষণ করবে না। তাই বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সংসদে বাস্তবধর্মী ও যুক্তিনির্ভর আলোচনা হোক। আবেগের বশবর্তী হয়ে কথা বললে তা সঠিকভাবে প্রতিফলিত হয় না।”

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অন্যান্য অতিথি ও কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম এবং কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী।

বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন।

এসকে/টিএ

মন্তব্য করুন