© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় পৃথক অভিযানে ছাত্রদল নেতাসহ আটক ৫

শেয়ার করুন:
বরগুনায় পৃথক অভিযানে ছাত্রদল নেতাসহ আটক ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ এএম | ০৪ মে, ২০২৬
বরগুনায় পৃথক অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়কের নিজ বাসা থেকে, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ আটক করা হয়।

অন্যদিকে (২ মে) রাত পৌনে ৮টার দিকে জেলার বামনা উপজেলার রামনা-ডৌয়াতলা সড়কে অভিযান চালিয়ে মো. ইয়াছিন মৃধা (২৮) ও মো. আবু সালেহ্ মুন্সিকে (২৮) আটক করে বামনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটক দু’জনেরই বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিমাখাল ইউনিয়নের উত্তর হালতা গ্রামে। একই দিন রাত পৌনে নয়টার দিকে একই উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে ড্যানিয়েল খান ওরফে রাসেল খান (৪৮) নামে আরেক জনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্ত বামনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রোববার (৩ মে) ভোররাতে জেলার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারস্থ কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে দেড় কেজি গাঁজাসহ মো. আজিজুল হক আল ইমরান (২৫) নামে একজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইমরান আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে। এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে আমতলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, শনিবার (২ মে) বিকেলে সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে মো. সরোয়ার হোসেন (৩৫) নামে একজনকে ৪০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধেও বরগুনা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদকের বিরুদ্ধে এটি তাদের নিয়মিত অভিযান এবং যা সব সময় চলমান থাকবে।

এসকে/টিএ

মন্তব্য করুন