কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবেছে আরও ১ হাজার হেক্টর ক্ষেতের ধান
ছবি: সংগৃহীত
০৬:২৬ এএম | ০৪ মে, ২০২৬
কিশোরগঞ্জে টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে হাওরাঞ্চলে নতুন করে আরও ১ হাজার হেক্টর বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। এতে জেলায় মোট তলিয়ে যাওয়া জমির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫০ হেক্টরে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৬ হাজার কৃষক।
রোববার (৩ মে) সকাল থেকে বৃষ্টি না থাকায় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। তবে উজানের ঢল অব্যাহত থাকায় ক্ষতির আশঙ্কা এখনো কাটেনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, অব্যাহত বৃষ্টি ও উজানের পানির চাপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা উপজেলায়। এছাড়া অষ্টগ্রাম, মিঠামইন, করিমগঞ্জ ও নিকলী উপজেলার বিভিন্ন হাওরেও পানি ঢুকে ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ইটনার ধনু নদীতে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে আর অষ্টগ্রামের কালনী নদীতে ৫ সেন্টিমিটার পানি কমেছে। তবে এখনো নদীর পানি বিপৎসীমার নিচেই রয়েছে।’
এসকে/টিএ