ভিন্ন পথে সিনেমার প্রচার, চমক দেখালেন আমির খান
ছবি: সংগৃহীত
১১:৫৫ এএম | ০৪ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার নতুন সিনেমা ‘এক দিন’র প্রচারণায় বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী কৌশল। প্রচলিত ব্যয়বহুল প্রচার বা জাঁকজমকপূর্ণ ইভেন্টের পথে না হেঁটে, সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন।গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানেরর বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয় ব্যতিক্রমধর্মী প্রচারণা। এরই অংশ হিসেবে মুক্তির প্রায় ৩৯ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং চালু করা হয়, যা সাধারণত খুব কমই দেখা যায়।
তবে সবচেয়ে চমকপ্রদ উদ্যোগ ছিল বিশেষ প্রদর্শনীতে তার সরাসরি উপস্থিতি। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের জুহু, মালাড ও বোরিভিলি এলাকায় আয়োজিত কয়েকটি বিশেষ শোতে অংশ নেন আমির খান ও ছবির কলাকুশলীরা। এসব শো-তে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তারা এবং সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সাধারণত তারকাদের উপস্থিতিতে আয়োজিত এমন শো-গুলোর টিকিটের দাম অনেক বেশি রাখা হয়। কিন্তু আমির খান সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে অধিকাংশ টিকিটের মূল্য নির্ধারণ করেন মাত্র ৯২ টাকা, যাতে সাধারণ দর্শকরাও সহজে অংশ নিতে পারেন। শুধু বোরিভিলির একটি মাল্টিপ্লেক্সে নির্দিষ্ট আসনের জন্য টিকিটের দাম ছিল ১৪৯ রুপি।
বর্তমান সময়ে যখন চলচ্চিত্রের প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করা হয় এবং ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরতা বাড়ছে, তখন আমির খানের সরাসরি দর্শকের কাছে পৌঁছানোর এই কৌশলকে অনন্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসএন