© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তান জন্মের পর প্রথমবার জনসমক্ষে ভিকি-ক্যাটরিনা

শেয়ার করুন:
সন্তান জন্মের পর প্রথমবার জনসমক্ষে ভিকি-ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ০৪ মে, ২০২৬
রবিবার সন্ধেতে মুম্বইয়ের রাস্তায় দেখা মিলল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের। সন্তান হওয়ার পর এই প্রথম তারকা দম্পতিকে এভাবে জনসমক্ষে দেখা গেল। এদিন দু'জনেই ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। ক্যাটরিনাকে দেখা গেল ঢিলেঢালা কালো কোট, কালো প্যান্ট আর চাঙ্কি স্নিকার্সে। চোখে ছিল কালো চশমা। অন্যদিকে ভিকি পরেছিলেন কালো টি-শার্ট ও ট্রাউজার্স, যার ওপর দিয়ে চাপিয়েছিলেন একটি বাদামী রঙের সুয়েড জ্যাকেট এবং মাথায় ছিল টুপি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে হাসিমুখে পোজ দিতে দেখা যায় ভিকি ও ক্যাটরিনাকে।

ছেলে বিহানের জন্মের পর ক্যাটরিনা গত কয়েক মাস নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন। তাই তাঁদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান বিহান কৌশল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর বার্তার মাধ্যমে তাঁরা এই সুখবর অনুরাগীদের জানিয়েছিলেন।
ক্যাটরিনার মা হওয়া নিয়ে নেটপাড়ায় ব্যাপক চর্চা চলেছিল। সেই সময় যেহেতু লোকচক্ষুর আড়ালেই ছিলেন অভিনেত্রী, তাই তাঁকে ঘিরে নেটিজেনদের মধ্যে আরও বেশি কৌতূহল তৈরি হয়েছিল। এমনকী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ক্যাটরিনার অন্তঃসত্ত্বা অবস্থার গোপন ছবিও।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে এই তারকা দম্পতির বিয়ে হয়েছিল। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের শুরুর দিকে মুক্তি পাওয়া 'মেরি ক্রিসমাস' ছবিতে। অন্যদিকে ভিকি কৌশলের ২০২৫ সালের ছবি 'ছাওয়া' বক্স অফিসে দারুণ সফল হয়েছে। আপাতত তিনি সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে ভিকিকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে।

এসএন 

মন্তব্য করুন